একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসায় চুরি

ঈদের দিন সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের একটি বাসায় চুরি হয়েছে। চোরেরা বাসা থেকে প্রায় ১২ ভরি সোনার গয়না ও নগদ ৪৯ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। সান্তাহার শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের বাসায় এ চুরির ঘটনা ঘটে। ঈদের দিন সকালে জাহাঙ্গীর সপরিবারে গ্রামের বাড়িতে যান। সন্ধ্যায় বাসায় ফিরে দেখেন প্রধান দরজার তালা ভাঙা, আলমারিতে রাখা ১২ ভরি সোনার গয়না, ৪৯ হাজার টাকা ও একটি মুঠোফোন নেই। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে। l আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

কুড়িগ্রামে ধরলা নদীতে ডুবে রাজু মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণপাড়ার সাইফুল ইসলামের ছেলে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, রাজু মিয়া ঈদের দিন মোগলবাসা ইউনিয়নে তাঁর খালার বাড়িতে বেড়াতে যান। দুপুরে পার্শ্ববর্তী ধরলা নদীতে গোসল করতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। অনেক খোঁজাখুঁজির পর গত শনিবার বিকেল চারটার দিকে ডুবুরিরা তাঁর লাশ উদ্ধার করেন। l নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

পাবনার বেড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। বেড়া পৌর এলাকার সান্যালপাড়া মহল্লায় গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, ঈদের অনুষ্ঠান দেখার জন্য হাওয়া বেগম টেলিভিশনে বিদ্যুৎ-সংযোগ দিতে যান। অসাবধানতাবশত এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। l বেড়া (পাবনা) প্রতিনিধি