একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর মৃত্যুচাঁদপুরের হাজীগঞ্জে কীটনাশক পানে শাকিল আহমেদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটি মারা যায়। উপজেলার বড়কুল (পূর্ব) ইউনিয়নের মোল্লাডহর গ্রামে তার বাড়ি। শিশুটির পরিবার ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শাকিল আহমেদ বাড়ির পার্শ্ববর্তী মাঠে সাঁতার কাটতে যায়। এ সময় মাঠের মধ্যে একটি ভাসমান বোতল পায়। পরে শাকিল বোতলের ভেতরে থাকা ওষুধ খেয়ে ফেলে। নিহত শাকিলের মা মরিয়ম বলেন, ‘বাড়ির চারদিকে পানি থাকায় শাকিল প্রতিদিন কয়েকবার পানিতে নেমে সাঁতার কাটত। শুক্রবার দুপুরে সে পানি থেকে উঠে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, “মা, আমাকে বাঁচাও। আমার বুকটা জ্বলে যাচ্ছে”।’ হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিজানালার গরাদ কেটেনেত্রকোনার মোহনগঞ্জ ডিগ্রি কলেজে গত শুক্রবার রাতে জানালার গরাদ কেটে ও তালা ভেঙে প্রায় ২০ হাজার টাকা চুরি, আসবাব ভাঙচুর এবং কাগজপত্র তছনছ করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাব হোসেন জানান, শুক্রবার রাত আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। কলেজের নৈশপ্রহরী মতীন্দ্র চন্দ্র দাস বাসা থেকে রাতের খাবার খেয়ে কলেজে ফিরে এলে পালিয়ে যায় চার-পাঁচজনের একটি দল। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সালাউদ্দিন জানান, তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ পাননি। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিবিরতির দাবিরংপুরের পীরগাছায় ঢাকাগামী আন্তনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গতকাল শনিবার পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মানববন্ধন হয়েছে। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত পীরগাছা রেলস্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন হয়। পরে স্টেশন রোডে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ‘আজ রোববার ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। কিন্তু দুঃখের বিষয়, পীরগাছা রেলস্টেশনে এর কোনো যাত্রাবিরতি নেই। তাই পীরগাছায় এ ট্রেনের যাত্রাবিরতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’ পীরগাছা (রংপুর) প্রতিনিধিছাত্রকে দণ্ডরংপুরের বদরগঞ্জে অশ্লীল ছবি কেনাবেচা ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালত রতন কুমার সরকার নামে বিবিএ-পড়ুয়া এক ছাত্রকে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার জানান, দামোদরপুর ইউনিয়নে কলেজপড়ুয়া একটি মেয়ের নগ্ন ভিডিওচিত্র বিক্রির অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চম্পাতলী বাজারের দীনবন্ধু মিডিয়া হোমের মালিক রতন কুমার সরকারকে আটক করা হয়। গত শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দণ্ড ও জরিমানা করেন। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিভুয়া চিকিৎসকগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ‘স্টার হাসপাতাল’ নামে একটি ক্লিনিক থেকে গত শুক্রবার এক ভুয়া চক্ষু চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, নড়াইলের নড়াগাতী উপজেলার পাটনা গ্রামের নান্টু বিশ্বাস (৪২) নিজের পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে একাধিক ক্লিনিকে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি নিজেকে ডা. মো. এন বিশ্বাস নামে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সরোয়ার কামালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাঁকে গ্রেপ্তার করেন। প্রতারণার ঘটনা স্বীকার করে নান্টু বিশ্বাস জানান, তিনি ভারত থেকে বিএ পাস করেছিলেন। বক্তব্য শুনে আদালত তাঁকে তাৎক্ষণিক বিচারে ওই দণ্ড দেন। গোপালগঞ্জ প্রতিনিধিঅনশনের হুমকিযশোরের মনিরামপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ২৫৫ জন নারীশ্রমিক প্রায় ছয় মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঈদুল ফিতরের আগে বেতন-ভাতা না পেলে তাঁরা অনশনের হুমকি দিয়েছেন। উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার বলেন, ‘চেষ্টা করছি, ঈদের আগে কিছু না হলেও দু-তিন মাসের বেতন দেওয়া যায় কি না।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যশোরের নির্বাহী প্রকৌশলী খলিফা আবুল কালাম আজাদ বলেন, ‘বরাদ্দ না থাকায় বেশ কয়েক মাস ওঁদের (নারীশ্রমিক) বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে আশা করছি, ঈদের আগেই বেতন-ভাতা দিতে পারব।’ যশোর অফিস