একনজরে
বজ্রপাতে মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে হারুন মিয়া (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতের কবলে পড়েন হারুন মিয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিউদ্ধারব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে এক মাস আগে অপহূত এক স্কুলছাত্রীকে গত বুধবার রাতে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মোগড়াবাজার থেকে উদ্ধার করা হয়েছে। আর্তচিৎকার শুনে মোগড়াবাজারের নৈশপ্রহরীরা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। পরে জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার মেয়েটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। গত ২১ জুলাই বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিগ্রেপ্তার ১নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ত্রাণ হিসেবে সরকারের বরাদ্দ দেওয়া ঢেউটিন আত্মসাতের অভিযোগে আবু মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে আবু মিয়াকে তাঁর বাড়ি থেকে ৩৮টি ঢেউটিনসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া মতি মিয়ার বাড়ি থেকে ১২টি ঢেউটিন উদ্ধার করা হয়। তবে মতি মিয়া পালিয়ে যান। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরুল আমিন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিবিতরণচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে অসহায় ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে সবজির বীজ, গাভি, মুরগির বাচ্চা, গাছের চারা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবুল খায়ের পাটোয়ারী। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিন্যায্যমূল্য দাবিনীলফামারী-ডোমার ২৩ কিলোমিটার সড়কের উন্নয়নকাজের জন্য অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্যের দাবিতে গত বুধবার বিকেলে ডোমারের চিলাই, চিকনমাটি ও বড়রাউতা গ্রামের শতাধিক ভূমিমালিক বিক্ষোভ করে ডোমারের ইউএনওকে স্মারকলিপি দেন। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের জমির মূল্য বর্তমান বাজার দরে প্রতি শতাংশ ৫০ থেকে ৭৫ হাজার টাকা। কিন্তু তাঁদের জমি অধিগ্রহণ করার পর সরকারিভাবে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র এক হাজার ৭৭৫ টাকা। প্রসঙ্গত, ২৩ কিলোমিটার সড়ক সম্পসারণে আরএনআইএমপি-২ প্রকল্পের আওতায় ১৩৫ দশমিক ১৭ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। নীলফামারী প্রতিনিধিকাউন্সিলর গ্রেপ্তারবগুড়ার শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর হারেজ আলীকে গত বৃহস্পতিবার উপজেলার মহাস্থানগড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সালিসের নামে মারধর এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রয়েছে। পুলিশ জানায়, ১৭ আগস্ট পৌর এলাকার চকভোলা খাঁ মহল্লার আলাল উদ্দিন (৪৮) তাঁর স্ত্রী গোলাপী বিবিকে মারপিট করেন বলে গোলাপি বিবি হারেজ আলীর কাছে নালিশ করেন। এ কথা শুনে আলাল উদ্দিনের বাড়িতে এসে তাঁকে সালিসের নামে মারপিট করেন কাউন্সিলর। স্ত্রীর কারণে মানুষের সামনে মার খাওয়ায় অপমানবোধ করেন আলাল এবং ওই দিন রাতেই আত্মহত্যার চেষ্টা করেন। পরের দিন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবাড়িতে ডাকাতিসাতক্ষীরা শহরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে এক লাখ টাকা, ২৫ ভরি সোনার গয়না ও চারটি মোবাইল ফোনসেটসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১৫০ গজ দূরে কর্মকারপাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ী দীনবন্ধু মিত্র জানান, রাত দুইটার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত তাঁর দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে ও তাঁর মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে লক্ষাধিক টাকা, ২৫ ভরি সোনার গয়না, চারটি ফোনসেটসহ বিভিন্ন মালামাল নিয়ে যান। দীনবন্ধু মিত্রের শ্যালক শহরের সুলতানপুর গ্রামের গোপাল চন্দ্র দে একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাই-সেবাএখন থেকে আর অকারণে ফাইল আটকে রাখা যাবে না। বন্ধ হবে ফাইল চালাচালি। ই-সেবার মাধ্যমে যেকোনো ব্যক্তি ই-সেবাকেন্দ্রে এসে তাঁর ফাইল সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নিতে পারবেন। এমনকি টেলিফোন বা মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে তিনি তাঁর ফাইলের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। গত বৃহস্পতিবার সকালে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা ই-সেবাকেন্দ্র চালু বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা আইসিটি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহ্সানউদ্দিন। এতে জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের প্রধানেরা এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফরিদপুর অফিসআহ্বানসংবাদকর্মী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রয়াসের মাধ্যমে নারী নির্যাতন কমিয়ে আনা সম্ভব। নারী নির্যাতন কমিয়ে আনার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। গত বৃহস্পতিবার ‘নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব মতামত ব্যক্ত করেন। সাতক্ষীরা জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুস সামাদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান খান প্রমুখ। পুলিশ সুপার হাবিবুর রহমান খান বলেন, নারী নির্যাতনের ঘটনা অনেক স্থানের চেয়ে সাতক্ষীরায় বেশি। ইভ টিজিংয়ের ঘটনা গণমাধ্যমের কারণে অনেক কমেছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা