একনজরে
শিশুর মৃত্যুগাজীপুরের কাপাসিয়া উপজেলায় পানিতে ডুবে দুই সহোদরসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার কড়িহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের মোমেন মাস্টারের ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র রক্তিম (১১)। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিনিহত ২ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন পুরুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁদের বয়স ৩৫ থেকে ৪০ বছর। গাড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক মহানন্দ সিং জানান, নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় দুর্ঘটনাজনিত মামলা করা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ডাকাতিনারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হাত-পা বেঁধে ওই দোকানের তালা ভেঙে সিন্দুকের ভেতরে রাখা ৬৫ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দোকানের মালিক দাবি করেছেন। সোমবার ভোররাতে উপজেলার সিদ্ধিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ প্রতিনিধি‘শিল্পী’ ওসিকর্মদক্ষতার পাশাপাশি শিল্পী ও অভিনেতা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ মিয়া। গান গাওয়া ও অভিনয়ের কারণে উপজেলার সাধারণ মানুষের সঙ্গে তাঁর সহজ সম্পর্ক গড়ে উঠেছে। যেকোনো প্রয়োজনে ফোন করলেই সাড়া দেন ইউনুস মিয়া। ইতিমধ্যে তাঁর একাধিক গানের সিডি ও নাটকের ভিসিডি প্রকাশিত হয়েছে। ইউনুছ মিয়া প্রথম আলোকে বলেন, সারা দিন কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি গান ও অভিনয় তাঁকে দারুণ টানে। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি৩০৫ বোতল মদসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সাবুল মিয়ার বাড়ির সামনে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে গত রোববার রাতে ওই মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাবুল মিয়া ও অটোরিকশার চালক পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ আলী বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিশিক্ষক আহতচাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই সাইদুর রহমান ও ভাতিজাদের হামলায় আহত হয়েছেন এক স্কুলশিক্ষক। তাঁর নাম আনারুল হক। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পৌর এলাকার টিকরামপুর মহল্লায় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। আনারুল হককে গতকালই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জলাশ উত্তোলননাটোরের লালপুর উপজেলার বালিতিতা কবরস্থান থেকে ১২৯ দিন পর গতকাল সোমবার হাসিনা বেগম নামের এক গৃহবধূর লাশ তোলা হয়েছে। তিনি উপজেলার জোতদৈবকী গ্রামের সাজদার রহমানের স্ত্রী। পক্ষাঘাতগ্রস্ত হাসিনা গত ২৬ এপ্রিল মারা যান। ৪ জুলাই হাসিনার মা সমেলা বেওয়া তাঁর মেয়েকে হত্যা করার অভিযোগে জামাতা সাজদার রহমানসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ইউএনওর উপস্থিতিতে হাসিনার লাশ তোলা হয়। লালপুর (নাটোর) প্রতিনিধিসরানোর দাবিসুন্দরবনসংলগ্ন বাগেরহাটের রামপাল থেকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল সোমবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটি ও সেন্টার ফর হিউম্যান মুভমেন্ট রাইটস এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আজিজুল হক। এতে মোজাহেদুল ইসলাম, তাহসিন আলী, সুশান্ত দাস, মঈনুল হক, সাহানা ফেরদৌস, ইকরামুল ইসলাম, জুলফিকার আলী, শেখ সিদ্দিক আহমেদ প্রমুখ বক্তব্য দেন। খুলনা অফিসমানববন্ধনফরিদপুর সদরের তাম্বুলখানায় সন্ত্রাসী লিটন বাহিনীর সদস্যদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকালে তাঁরা এসব কর্মসূচি পালন করেন। লিটন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ নানা অপরাধমূলক তৎ পরতা চালাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এলাকাবাসীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ফরিদপুর অফিস