একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রসহ আটক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গত বৃহস্পতিবার স্থানীয় নৌ ফাঁড়ির পুলিশ এক রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ সোলাইমান ওরফে সলেমান শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে। তিনি স্থানীয় শামসু মাস্টার পাড়ার হালিম শেখের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে দৌলতদিয়া সোহরাব মণ্ডলের পাড়া এলাকার ফাঁকা রাস্তায় কয়েক যুবকের সঙ্গে সলেমান আড্ডা দিচ্ছিলেন। এ সময় দৌলতদিয়া নৌ ফাঁড়ির এসআই হাবিব তরফদার ও এএসআই ইলিয়াস খান তাঁর দেহ তল্লাশি করে কোমর থেকে ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তল উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করে।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

শতভাগ নিশ্চিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুর-৩ (সদর) আসনের এই সাংসদ গত বৃহস্পতিবার রাতে ফরিদপুরে এক আলোচনা সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে কবি জসীমউদ্দীন হলে এ আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় শোক দিবস উপলক্ষে। মন্ত্রী ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। নিজের দলের সমস্যা বড় সমস্যা মন্তব্য করে তিনি বলেন, ‘যাঁরা অভিমান কইরা দূরে আছেন, রাগ ভুইলা আসুন একসঙ্গে কাজ করি এবং বিজয় ছিনিয়ে আনি।’  ফরিদপুর অফিস

উপনির্বাচন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচন আজ শনিবার। গত ৯ জুন ওই ইউনিয়নের চেয়ারম্যান তছির উদ্দীন মণ্ডলের মৃত্যুতে পদটি শূন্য হয়। নির্বাচনে প্রার্থীরা হলেন খন্দকার মেহেদী হাসান, হারুনূর রশীদ, মামুনুর রশীদ চৌধুরী ও রফিকুল ইসলাম। ১০টি কেন্দ্রে ২০ হাজার ৭১৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৩০ জন পরিদর্শক ও উপপরিদর্শকসহ ১০০ জন পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।  ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

শোক ও স্মরণসভা
দিনাজপুরের বিরামপুরের সাংবাদিক, ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ জেড এম সোহরাব হোসেনের (৫৬) মৃত্যুতে বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে শোক ও স্মরণসভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকালে বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নওয়াব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব হুমায়ুন কবির প্রমুখ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কাঙালি ভোজের খাবার তৈরির সময় আওয়ামী লীগ নেতা এ জেড এম সোহরাব হোসেন মারা যান।  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

পথসভা
সিলেটকে পর্যটন নগর ঘোষণার দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা হয়েছে। ‘প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠন গতকাল শুক্রবার সিলেট শহর থেকে গোয়াইনঘাট উপজেলার পর্যটন এলাকা জাফলং পর্যন্ত এ শোভাযাত্রা করে। গতকাল সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। ক্লাবের সভাপতি জয়নুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের পরিচালনায় সকালে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ও জৈন্তাপুর বাজার এবং বিকেলে মামার বাজারে পথসভা হয়।  গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

বন্দীর মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কারাগারে গত বৃহস্পতিবার রাতে ফরিদ মিয়া (৪৫) নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ফরিদ শেরপুরের চরভাবনা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। কারাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হয়। একপর্যায়ে তাঁকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে ফরিদের মৃত্যু হয়। পরে গাজীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার জানান, ফরিদ হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন।  গাজীপুর প্রতিনিধি