একনজরে
দেশলাইয়ের সংকটকিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন হাটবাজারে এক সপ্তাহ ধরে দেশলাইয়ের সংকট দেখা দিয়েছে। স্থানীয় লোকজন এখন পাঁচ-ছয় টাকা দামের গ্যাস লাইটার কিনে প্রয়োজন মেটাতে বাধ্য হচ্ছে। রাউতি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মো. সাইদুর রহমান বলেন, ‘আমরা গ্রাহকদের কাছে ম্যাচ বিক্রি করতে পারছি না।’ তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিবিনা মূল্যে চিকিৎসাসুনামগঞ্জে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রের উদ্যোগে প্রায় ৩০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শহরের হাজিপাড়ায় অবস্থিত ‘স্যানক্রেড কমিউনিটি হেলথ সার্ভিস সেন্টার অ্যান্ড হসপিটাল’-এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চিকিৎসাশিবির স্থাপন করা হয়। এতে নাক, কান ও গলা বিশেষজ্ঞ রকিব আহমেদ দেওয়ান; স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ফারহানা রহমান ও আবু তাহের দিনভর চিকিৎসা দেন। সুনামগঞ্জ অফিসশ্রমিকের মৃত্যুপাবনার বেড়া উপজেলায় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের জন্য তেলের ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রায় ৫০ ফুট ওপর থেকে পড়ে বাবুল মিয়া (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার বৃশালিখা গ্রামে নির্মাণাধীন বেড়া ৭০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়ার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজপিলার গ্রামে। বেড়া (পাবনা) প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালারংপুরের পীরগাছায় হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে হজে গমনেচ্ছুক ব্যক্তিদের দিনব্যাপী হজবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার আবদুল করিম আবাসিক শিক্ষা নিকেতনের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উপলক্ষে হাজী কল্যাণ সংস্থার সভাপতি আবদুল করিম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মাহবুবার রহমান, আবদুস সাদেক সরকার প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণ দেন আবদুজ্জাহের সরকার, মহিউদ্দিন, আবদুল হাদী ও আবদুস সালাম মণ্ডল। পীরগাছা (রংপুর) প্রতিনিধিবৃদ্ধা নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামে দেয়ালচাপা পড়ে নেকজান বিবি (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেকজান বিবির স্বামীর নাম বসিরউদ্দিন গাজী। তাঁর স্বজনেরা জানান, সম্প্রতি বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নেকজান বিবির মাটির ঘরের দেয়ালে ফাটল দেখা দেয়। গতকাল বেলা ১১টার দিকে ঘরে কাজ করার সময় দেয়াল ধসে চাপা পড়েন নেকজান বিবি। ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা চৌবাচ্চায় পড়ে মৃত্যুকুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পানিতে ডুবে তৌফিক নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভেড়ামারা শহরের কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তৌফিকের চাচাতো ভাই মিজানুল হক জানান, দুপুরে তৌফিক বাড়ির উঠানে খেলছিল। কোনো একসময় উঠানের পাশেই নলকূপের পানি রাখার চৌবাচ্চার ভেতর সে পড়ে যায়। পরে তার লাশ ভেসে ওঠে। চার-পাঁচ ফুট চওড়া এ চৌবাচ্চার গভীরতা আনুমানিক পাঁচ-ছয় ফুট। কুষ্টিয়া অফিস