একনজরে
গ্রেপ্তার ছয়গাজীপুর সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার আউটপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আউটপাড়া কাঁচাবাজারসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ইউনুস আলী, বাচ্চু মিয়া, কামাল হোসেন, শহিদুল ইসলাম, আবদুল আজিজ ও রুবেল নামের ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে চারটি গুলিভর্তি একটি এবং পাঁচটি গুলিভর্তি দুটি রিভলবার, চাপাতিসহ ১২টি দেশীয় অস্ত্র ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন থেকে আউটপাড়া এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিউপাধ্যক্ষ নেইকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষের পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। গত ৩০ জুন উপাধ্যক্ষ আবু জাফর সালেহ আহমদ খন্দকার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) গেলে পদটি শূন্য হয়। তা ছাড়া ১৩টি সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের পদ শূন্য রয়েছে। কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, ‘প্রতি মাসে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে শূন্য পদগুলোর তালিকা পাঠিয়ে থাকি। সেখান থেকে শিক্ষক দিলেই পদগুলো পূরণ হবে। এ কলেজে শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৪২ জন।’ নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাডাকাত গ্রেপ্তারকেরানীগঞ্জের কদমতলী মডেল টাউন এলাকা থেকে গতকাল মঙ্গলবার একটি বিদেশি রিভলবার, তিনটি গুলিসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের নাম ফারুক, নাসির, দীপু ও কামাল। ডিবি পুলিশের এসআই আনোয়ারুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা দুইটার দিকে মডেল টাউন এলাকার একটি বাড়ির ষষ্ঠ তলার এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিবোমা উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাকের আলী গ্রামের একটি কবরস্থান থেকে গতকাল মঙ্গলবার ২৪টি বোমা উদ্ধার করা হয়েছে। র্যাব-৫-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বেলা পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই কবরস্থানে অভিযান চালান। এ সময় তাঁরা একটি পুরোনো কবরের মধ্যে পরিত্যক্ত অবস্থায় থাকা বোমাগুলো উদ্ধার করেন। তবে বোমাগুলো খুব শক্তিশালী নয় বলে ধারণা করা হচ্ছে। র্যাব সদস্যরা সাধারণ ডায়েরি করার পর বোমাগুলো সদর থানায় জমা দেবেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জমতবিনিময় সভাবেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাটের সামাজিক স্বাস্থ্য প্রকল্প ইউনিটের উদ্যোগে হাঁড়িভাঙ্গার আই কেয়ার প্রকল্পের হলরুমে মতবিনিময় সভা হয়েছে। সামাজিক স্বাস্থ্য প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে গতকাল মঙ্গলবার এ সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির লালমনিরহাট শাখার সামাজিক স্বাস্থ্য প্রকল্পের ভারপ্রাপ্ত পরিচালক বিপুল চন্দ্র সরকার। এতে সামাজিক স্বাস্থ্য প্রকল্পের প্রজনন স্বাস্থ্য বিভাগের সমন্বয়কারী কমল কুমার জোয়ারদার এবং সামাজিক স্বাস্থ্য প্রকল্পের জ্যেষ্ঠ কর্মকর্তা এরশাদুল ইসলাম বক্তব্য দেন। লালমনিরহাট প্রতিনিধিকারাদণ্ডফরিদপুরের ভাঙ্গা উপজেলার মকরপট্টির কুমার নদ থেকে গত রোববার অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যক্তির নাম মো. ইমারত হোসেন (৪০)। তাঁর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার ফুলতলা গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইমারত হোসেনকে এ দণ্ড দেন। ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, ইমারত হোসেনকে গত সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিসগ্রেপ্তারি পরোয়ানাপিরোজপুর জেলা জজ আদালতের সাবেক নিম্নমান সহকারী (বর্তমানে চাকরিচ্যুত) মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হাসপাতালে চাকরি দেওয়ার নামে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা এক মামলায় পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত তাঁর বিরুদ্ধে ২১ সেপ্টেম্বর এ পরোয়ানা জারি করেন। পিরোজপুর শহরতলির ভাইজোড়া এলাকার হারুন-অর-রশিদ সিকদার তাঁর বিরুদ্ধে সদর থানায় এ মামলা করেন। মোস্তাফিজুর রহমানের বাড়ি কাউখালী উপজেলা সদরের লঞ্চঘাট এলাকায়। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। পিরোজপুর প্রতিনিধি