একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূর্তি উদ্ধার
নাটোরের গুরুদাসপুর উপজেলার চক আলাদত খাঁ গ্রাম থেকে গত রোববার বিকেলে কষ্টিপাথরের তৈরি একটি গণেশমূর্তি ও সাড়ে
ছয় কেজি ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ উদ্ধার করেছে র‌্যাব-৫-এর একটি দল। মূর্তি পাচারের অভিযোগে একটি হাঁসুয়াসহ
ওই গ্রামের সোহরাব আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়। সোহরাবকে গুরুদাসপুর থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন
র‌্যাব-৫-এর উপসহকারী পরিচালক আবদুর রহিম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি শফিকুল ইসলাম। 
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নদীতে ডুবে মৃত্যু
বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ায় গত রোববার দুপুরে বাড়ির পাশে করতোয়া নদীতে জাল নিয়ে মাছ ধরতে নামেন
খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তি। নদীতে নামার পর তিনি পানিতে তলিয়ে যান। স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ নদীতে খোঁজ
করেও তাঁর সন্ধান পাননি। রাত আটটায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি এসে নদী থেকে খোরশেদের
লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর
মামলা হয়েছে।  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

ট্রেনের ধাক্কায়...
রাজবাড়ী শহরের লোকোশেড এলাকায় গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে ট্রেনের ধাক্কায় সোহেল আনছারী (১৯) নামে এক
তরুণের মৃত্যু হয়েছে। তিনি শহরের বিনোদপুর এলাকার নায়েব উদ্দিন আনছারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল রেললাইনের
ওপর দিয়ে মুঠোফোনে কথা বলে লোকোশেডের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে গোয়ালন্দঘাটগামী একটি শাটল ট্রেন
তাঁকে ধাক্কা দেয়। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গফুর মিয়া জানান, এ ব্যাপারে অপমৃত্যুর
মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  রাজবাড়ী প্রতিনিধি

লাশ উদ্ধার
ফরিদপুরে বারখাদা এলাকার ডোবা থেকে গত রোববার বিকেলে পান্নু শেখ (২০) নামে এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি রাজবাড়ী সদর উপজেলার হাটজয়পুর গ্রামের নুরুল আমীনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। পুলিশ
জানায়, ১৪ আগস্ট রাতে রাজবাড়ী সদরের বসন্তপুর থেকে তিন যুবক দত্তপাড়া যাওয়া উদ্দেশে তাঁর অটোরিকশায় ওঠেন। এর
পর থেকে পান্নু নিখোঁজ ছিলেন। রোববার বারখাদা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।  ফরিদপুর অফিস ও রাজবাড়ী
প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেপ্তার
কুমিল্লা জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছাত্রদলের ক্যাডার রিপন হাসান ওরফে টিটুকে (২৬) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার নগরের চর্থা তালতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার এসআই জসিম উদ্দিন
বলেন, গত রোববার হালিমা টেলিকমের হিসাবরক্ষক আমজাদ হোসেন খন্দকার ব্যাংক থেকে সাত লাখ ১৩ হাজার টাকা তুলে
যাওয়ার পথে নগরের বাদুরতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় টেলিকম প্রতিষ্ঠানটির মালিক কুমিল্লা সিটি
করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ কে সামাদ থানায় ছিনতাই মামলা করেন। এই মামলায় রিপনকে গ্রেপ্তার করা হয়। 
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ফারুক মিয়া (১৮) নামের এক যুবককে গতকাল সোমবার
১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফারুক কসবা পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। কসবা থানার
ওসি বদরুল আলম তালুকদার বলেন, ১৫ দিনের সাজাপ্রাপ্ত ফারুক কসবা থানা হাজতে রয়েছেন। আজ মঙ্গলবার তাঁকে
ব্রাহ্মণবাড়িয়া জেলখানায় পাঠানো হবে।  কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি