একনজরে
কাটা পড়ে মৃত্যুজয়পুরহাট রেলস্টেশনের অদূরে উত্তর পাশের ট্রেন সিগন্যালের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বয়স প্রায় ৫০ বছর। গতকাল বুধবার বেলা ১১টার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা আন্তনগর ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। তাঁর মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। জয়পুরহাটের সহকারী স্টেশনমাস্টার আবদুল হামিদ জানান, বিষয়টি সান্তাহার রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে। স্থানীয় ব্যবসায়ী সাইদুর রহমান জানান, মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাঁকে চেনা সম্ভব হচ্ছে না। জয়পুরহাট প্রতিনিধিনরসুন্দর ধর্মঘটবরগুনার আমতলী শহরের নরসুন্দররা গত মঙ্গলবার বিকেল থেকে সেলুন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন। শহরের টাউন হলসংলগ্ন নেপালের সেলুনে মঙ্গলবার দুপুরে পারভেজ মিয়া নামের এক যুবকের সঙ্গে সেলুনের মালিক নেপালের বচসা ও একপর্যায়ে মারামারি হয়। এতে নেপাল আহত হলে নরসুন্দর সমিতি ধর্মঘট ডাকে। নেপাল শীল অভিযোগ করেন, পারভেজ শুয়ে চুল কাটার আবদার করলে তিনি অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর সেলুনের একটি কাঁচি দিয়ে পারভেজ তাঁকে আঘাত করে আহত ও সেলুন ভাঙচুর করেন। পারভেজ মিয়া অভিযোগ অস্বীকার করেছেন। আমতলী (বরগুনা) প্রতিনিধি