একনজরে
ঝড়ে আমের ক্ষতি
রাজশাহীতে গত সোমবার কালবৈশাখীতে বিপুল পরিমাণ আম ঝরে পড়েছে।
সোমবার রাত নয়টার দিকে রাজশাহীতে ঝড় শুরু হয়। ৪০ মিনিট স্থায়ী ওই ঝড়ে প্রায় সব উপজেলায় আমের ব্যাপক ক্ষতি হয়েছে। চারঘাট ও বাঘা উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
বাঘা উপজেলার কোনো কোনো গ্রামের বাগানের বেশির ভাগ আম ঝরে পড়েছে। চারঘাটের আম ব্যবসায়ী মশিউর রহমান জানান, বাঘার ছাতারী গ্রামে তাঁর একটি আমের বাগান কেনা রয়েছে। ওই বাগানের ১০০ মণ আম ঝড়ে ঝরে গেছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক নূরুল আমিন বলেন, ঝড়ে আমের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো পরিমাপ করা হয়নি।
l নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নাটোর সদর উপজেলার কামারদিয়াড় গ্রামে গত সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ওই গ্রামের শুধাংশু সেনের স্ত্রী বালা সেন (৮৫) মারা যান। রাত তিনটার দিকে কামারদিয়াড় গ্রামের শুকুর সেনের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়ির দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা একটি ঘর থেকে বালা সেনের মরদেহ উদ্ধার করেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
l নাটোর প্রতিনিধি
ডাকাত গ্রেপ্তার
সাভারের রানা প্লাজা ধসে নিহত পোশাককর্মী খাদিজা বেগমের লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম রবিউল ইসলাম (৩২)। গত রোববার রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের কারেঙ্গাপাড়া গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ৩ মে রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নিয়ে আসার পথে বদরগঞ্জ-রংপুর সড়কের যমুনেশ্বরী সেতুর কাছে খাদিজার লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়।
l বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় গত সোমবার রাতে একটি মরা গাছ ভেঙে পড়ে মৌসুমি বেগম (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, উপজেলার ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের জমিতে তিন বছর ধরে দেশের বিভিন্ন স্থানের ১৫টি পরিবার বাস করছে। ওই বসতির পাশেই মৃত শতবর্ষী একটি বকুলগাছ রয়েছে। সোমবার রাত ১১টার দিকে গাছটি ভেঙে ওই বসতির ওপর পড়ে। গাছের নিচে চাপা পড়ে মৌসুমি মারা যান। তাঁর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়।
l বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
কুপিয়ে হত্যা
রাজবাড়ীর সদর উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঠান্টু শেখ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গত সোমবার রাতে রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া (ডাঙ্গিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ঠান্টু শেখের চাচাতো ভাই হিরু শেখ জানান, সোমবার সকালে ঠান্টুদের বাগানের গাছ নষ্ট করে প্রতিবেশী মিনহাজ উদ্দিন সরদারের কয়েকটি ছাগল। মিনহাজ উদ্দিনের বাড়িতে গিয়ে ঠান্টু এ ঘটনার প্রতিবাদ জানান। ওই দিন সন্ধ্যায় ঠান্টুর মা স্থানীয় লোকদের নিয়ে সালিশ ডাকেন। সালিশের পর বাগিবতণ্ডার একপর্যায়ে মিনহাজের ছোট ছেলে রবিউল সরদার ধারালো অস্ত্র দিয়ে ঠান্টুর মাথায় কোপ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি আবদুর রাজ্জাক।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে জেসমিন আক্তার (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের ফুল মিয়ার মেয়ে। ফুল মিয়া জানান, গত সোমবার বিকেলে জেসমিন বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় স্থানীয় লোকজন ওই ডোবা থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
l মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
ট্রেনের ধাক্কায় নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গত সোমবার দিবাগত রাতে ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। আলমডাঙ্গা রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা রেলস্টেশনের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পোড়াদহ রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
l চুয়াডাঙ্গা প্রতিনিধি
মালামাল লুট
ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লার চুনাঘাটা এলাকার বাসিন্দা সাংবাদিক হেমায়েত হোসেনের বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা তাঁর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, ২০ হাজার টাকা, মুঠোফোনের দুটি সেটসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি স্থানীয় দৈনিক সূর্যের কিরণ পত্রিকার সম্পাদক। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক আমিনউদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
l ফরিদপুর অফিস
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে। আগামী ২০ জুন ভোট গ্রহণ হবে। ১৯ মে থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন। গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই তফসিল ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কামরুল আহসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাছ নিধন
টঙ্গীর পাগাড় পাঠানপাড়া এলাকায় একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দুই দিন ধরে একতা মৎস্য খামারে মাছগুলো মরে ভেসে উঠছে। পুকুরের ইজারাদার মাহবুব কায়সার জানান, চার বন্ধু মিলে আট মাস আগে রশিদ পাঠানের কাছ থেকে পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করছেন। দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে।
ফলাফল ঘোষণা
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ইউনিয়ন ও পিরুজালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মির্জাপুর ইউনিয়নে মোশাররফ হোসেন, ভাওয়াল গড়ে সালাউদ্দিন সরকার ও পিরুজালীতে সাইফুল্লাহ সরকার বিজয়ী হয়েছেন। গত সোমবার রাত পৌনে একটার দিকে শিক্ষা কর্মকর্তা তাপস কুমার সরকার ও নির্বাচন কর্মকর্তা আয়শা আক্তার ফলাফল ঘোষণা করেন।
বাল্যবিবাহ বন্ধ
কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের নিমতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ইউএনওর নির্দেশে গতকাল মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন ও বন কর্মকর্তা মোশাররফ হোসেন মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন। কাল বৃহস্পতিবার সপ্তম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে একই গ্রামের এক ছেলের (২৪) বিয়ে ঠিক করা হয়।
l কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
পাসের হার ৯৯.১%
নারায়ণগঞ্জের পাগলা উচ্চবিদ্যালয় এবারের ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় থেকে এ বছর ৪৪২ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩৮ জন। পাসের হার ৯৯.১ শতাংশ। এই সাফল্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সারাহ্ বেগম কবরী শিক্ষক- শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি।