একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোড়ক উন্মোচন
লালমনিরহাট শহরের পূর্ব থানাপাড়ায় লালমনিরহাট জেলা জাদুঘরের অস্থায়ী কার্যালয়ে গতকাল বুধবার সকালে প্রথম আলোতে সবুজ ও লালমনিরহাট জেলা জাদুঘর সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রন্থের সংকলক প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব, প্রকাশক এম এ মতিন, লালমনিরহাট জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আশরাফুজ্জামান মণ্ডল প্রমুখ।  লালমনিরহাট প্রতিনিধি

সালিসে হামলা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সালিস বৈঠকে হামলায় আহত হয়েছেন এক সাংবাদিক। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের বাসিন্দা ও ইনকিলাব-এর রায়গঞ্জ সংবাদদাতা নাজমুল হোসেন তালুকদার (২৮) গত বছরের ১৫ জুন বিয়ে করেন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এ অবস্থায় উভয় পরিবারের সম্মতিতে গত মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীকোলা গ্রামের হাফিজুর রহমানের বাড়িতে সালিস বৈঠক বসে। বৈঠকে তালাকপরবর্তী বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে স্ত্রীর আত্মীয়স্বজন নাজমুলকে এলোপাতাড়ি মারপিট করে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মূর্তি ভাঙচুর
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার হলদারপাড়ার কালীমন্দিরের তিনটি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে পশ্চিমপাড়া হলদারপাড়ার রঘুনাথ বর্মণ ও জীবন বর্মণকে আটক করেছে। গত মঙ্গলবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি খগেন্দ্রনাথ বর্মণ ও সাধারণ সম্পাদক রামচন্দ্র বর্মণ অভিযোগ করেন, মন্দিরের জায়গা নিয়ে স্থানীয়ভাবে দ্বন্দ্ব চলছে। ধারণা করা হচ্ছে, এই দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটানো হতে পারে।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

অস্ত্রসহ গ্রেপ্তার
ফরিদপুর শহর থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্রসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গ্রেপ্তার হওয়া দুজন হলেন ফরিদপুর শহরের পূর্ব আলীপুর মহল্লার এস এম রেজওয়ান হোসেন (২৫) ও ফরিদপুর সদরের উত্তর কোমরপুর এলাকার জহিরুল ইসলাম ওরফে খোকন (২৪)। তাঁদের কাছ থেকে বেলজিয়ামের তৈরি একটি শুটারগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো. আকতার হোসেন মঙ্গলবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন।  ফরিদপুর অফিস

উত্ত্যক্ত করায় দণ্ড
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বেল্লাল হোসেন গাজী নামের এক তরুণকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. আহসান হাবিব এ রায় দেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ জানান, বেল্লাল ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়েটি প্রথমে বিদ্যালয় কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউএনওর কাছে লিখিত অভিযোগ করলে তিনি ওসিকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন। গত সোমবার রাতে পুলিশ বেল্লালকে আটক করে পরদিন ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রশিক্ষণ কর্মশালা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার দিনব্যাপী চাষি, বিক্রেতা, ব্যবসায়ী, আমদানিকারক, কৃষিবিদ ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে ভুট্টার বাজার সম্প্রসারণের ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা হয়। সিসা-সিমিট ফরিদপুরের হাব ব্যবস্থাপক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, সিসা-সিমিট বাংলাদেশের লিয়াজোঁ কর্মকর্তা ঠাকুর প্রসাদ তেয়ারী।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাটে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুহেল আহমদ (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে মৌলভীবাজারের আটঘর গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে। সুহেল পাথর শ্রমিকের কাজ করত। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই সুহেলের মৃত্যু হয়।  গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

বিষ প্রয়োগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামে মো. সুলতান কাজী নামে এক মৎস্যচাষির পুকুরে গত মঙ্গলবার রাতে কে বা কারা বিষ ঢেলে মাছ মেরে ফেলেন। সুলতান বলেন, তিন মাস আগে বাড়িসংলগ্ন একটি পুকুরে তিনি রুই, কাতলা, তেলাপিয়া ও মৃগেল মাছের পোনা ছাড়েন। এগুলো বড় হওয়ার আগেই শত্রুতা করে মেরে ফেলা হয়েছে। এসব মাছের দাম দুই লক্ষাধিক টাকা হবে।  মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

ফেনসিডিল উদ্ধার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল দুপুরে পৌর এলাকার দত্তপাড়া গ্রাম থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। থানার ওসি আবদুল আউয়াল জানান, পুলিশের একটি দল দত্তপাড়া গ্রামে অভিযান চালায়। টের পেয়ে ফেনসিডিল ব্যবসায়ীরা পালিয়ে যান। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।  মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

স্কুলছাত্রের মৃত্যু
নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে সোহান মিয়া (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার আমিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। সোহান হাসনাবাদ বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ব্যবসায় শাখার শিক্ষার্থী ছিল। সে আমিরগঞ্জ এলাকার প্রবাসী আবুল কাশেমের ছেলে। সোহানের পরিবার জানায়, সোহান ও তার খালাতো ভাই মেঘনা নদীর শাখা কুঠির গাঙে গোসল করতে যায়। কিন্তু সোহান সাঁতার না জানায় কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায়।  নরসিংদী প্রতিনিধি।