একনজরে
লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ গ্রামে রেললাইনের পাশ থেকে গতকাল সোমবার সকালে পুলিশ অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে। শ্রীমঙ্গল রেল থানার ওসি মোহামঞ্চদ জাহাঙ্গীর আলম গতকাল সন্ধ্যায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রোববার রাতের কোনো এক সময়ে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
জরিমানা
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার বিকেলে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যদ্রব্য রাখার দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জরিমানাদানকারী প্রতিষ্ঠানগুলো হলো উত্তম মেডিকেল হল, গৌতম মেডিকেল হল, জমজম মেডিকেল হল, মিতালী মেডিকেল হল, শান্তি ড্রাগস হাউস ও দুর্জয় বেকারি। হাকিম আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।
ছিনতাইকারী গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খালবলা বাজারে অস্ত্রের মুখে চালককে জিন্মি করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাদের ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়। গত রোববার রাতে নান্দাইল চৌরাস্তা মোড় থেকে যাত্রী সেজে চার ছিনতাইকারী ঈশ্বরগঞ্জের গাবর কালিয়ান গ্রামের সাইফুল ইসলামের (২০) সিএনজিচালিত অটেরিকশা ভাড়া করে। তারা আঠারবাড়ি খালবলা বাজার এলাকায় যাওয়ার কথা ছিল। বাজারের কাছাকাছি নীরব একটি স্থানে চালকের গলায় ছোরা ধরে তারা যানবাহনটি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে ধরে ফেলে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
গ্রেপ্তার ৪
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চারটি ককটেলসহ আবদুল হালিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার উপজেলার রাধানগর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অপর তিন ব্যক্তি হলেন খায়রুল ইসলাম, আমির হোসেন ও আহসান উল্লাহ। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ওই গ্রামের শামছু মিয়ার বাড়িতে অভিযান চালায় বাঞ্ছারামপুর থানার পুলিশ। ওই বাড়ি থেকে চারটি ককটেলসহ পুলিশ হালিমকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অপর তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি