একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবর রশীদকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ এপ্রিল বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা শহরে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলের পর পথচারীদের ভয়-ভীতি প্রদর্শন, যানবাহন চলাচলে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ দুটি মামলা করে। ওই দুই মামলায় জামায়াত নেতা মাহবুবরকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৬ এপ্রিল রাতেই মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল রোববার সত্যেন রায় (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল এলাকায় একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি ঝুলতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, সত্যেন জেলার চিলাহাটি থানার চান্দ্রখানা গ্রামের প্রেমানন্দ রায়ের ছেলে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

উদ্ভাবনী মেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে গতকাল রোববার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্যপ্রযুক্তি) আহমেদ কবীর প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম ও ইকবাল হোসাইন। পঞ্চগড় প্রতিনিধি