একনজরে
পুরস্কার বিতরণ
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার গতকাল বৃহস্পতিবার বিতরণ করা হয়েছে৷ পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার৷ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন৷ চুয়াডাঙ্গা প্রতিনিধি
ককটেল উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিৎমদ্দি গ্রামের সোনা মিয়া নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ৷ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত আটটার দিকে রাজৈর থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে৷ কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মানববন্ধন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ফরিদপুর শাখা৷ গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে সংগঠনটি এ কর্মসূচি পালন করে৷ বক্তারা বলেন, প্রচলিত ব্যবস্থায় সেশনজটসহ নানা কারণে শিক্ষাজীবন শেষ করতে ২৭ থেকে ২৮ বছর পেরিয়ে যায়৷ এরপর সরকারি চাকরিতে প্রবেশে মাত্র দুই বছর সময় পাওয়া যায়৷ ফরিদপুর অফিস