একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল নোটসহ গ্রেপ্তারনাটোরের লালপুর থানার পুলিশ গত মঙ্গলবার রাতে জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, রাত নয়টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমানের নেতৃত্বে একটি দল লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদর গেটের পাশে লেনদেন করার সময় জাল নোটসহ হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মাহিমিনুর রহমান (৩৮) ও দক্ষিণ লালপুর গ্রামের তানিন (২৮)। তাঁদের কাছ থেকে ৫০০ টাকার ২৫টি, ১০০০ টাকার একটি, ১০০ টাকার একটি, ভারতীয় ৫০০ রুপির দুটি ও ৫০ মার্কিন ডলারের একটি নোট পাওয়া যায়। গ্রেপ্তার করা দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধিকুপিয়ে হত্যামেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে আবদুল মান্নান (৪৩) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি একজন রিকশা-ভ্যানচালক। ওই গ্রামের গাংনী-হাটবোয়ালীয়া সড়কের শেষ প্রান্তে তাঁর ক্ষত-বিক্ষত লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। গতকাল বুধবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। আবদুল মান্নানের স্ত্রী বেনা খাতুন (৩৫) জানান, তাঁর স্বামীকে রাত ১১টার দিকে কে বা কারা মুঠোফোন ডেকে নিয়ে যায়। এ সময় মান্নান তাঁর স্ত্রীকে জানান, মালামাল এসেছে; ওগুলো দেখে আসছি। এরপর আর তিনি ফেরেননি। তাঁর মাথা, কপালসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে খোঁচানোর দাগ আছে। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁর স্ত্রী দাবি করছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমল কৃষ্ণ মল্লিক জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি