একনেকে আড়াই হাজার কোটি টাকার চার প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার একনেকের সভায় চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার একনেকের সভায় চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ছবি: ফোকাস বাংলা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আজ মঙ্গলবারের সভায় দুই হাজার ৫৯০ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
এই প্রকল্প চারটি হলো—স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইএলপি) ধাপ-১, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (সংশোধিত), সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ এবং ইনহেন্সমেন্ট অব ক্যাপাসিটি অব গ্রিড সাবস্টেশনস অ্যান্ড ট্রান্সমিশন লাইন ফর রুরাল ইলেকট্রিফিকেশন। খবর বাসসের।
মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকা, প্রকল্প সাহায্য ১ হাজার ৭৪৬ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ২০৭ কোটি টাকা। চারটি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প তিনটি ও বাকি একটি সংশোধিত প্রকল্প।
প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল একনেকে পাস হওয়া চারটি প্রকল্প নিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন।