একনেকে চার প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভায় (একনেক) তিন হাজার ৩৯৪ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সিডরে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা পুনর্গঠনসহ মোট চারটি প্রকল্প পাস করা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদন পাওয়া চার প্রকল্প হলো—ইমার্জেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেন্ট্রোরেশন প্রজেক্ট (ইসিআরপিএস), বাংলাদেশ ইকোনমিক জোনস ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেজ-১), মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) জন্য অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ প্রকল্প এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প। মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন ২২২ কোটি ৬৩ লাখ টাকা, প্রকল্প সাহায্য তিন হাজার ১৭১ কোটি ৭৭ লাখ টাকা। চারটি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প দুটি। দুটি প্রকল্প সম্পূর্ণ বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে বাস্তবায়ন হবে।
একনেক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।