একনেকে ছয় প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভাগুলোর পাইপলাইনে পানি সরবরাহের জন্য উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পের আওতায় ৪৫টি পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৬৯ কোটি টাকা। এটিসহ একনেকের সভায় মোট ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় এক হাজার ১৯৬ কোটি টাকা।রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। আলোচ্য প্রকল্পটির আওতায় সাতটি বিভাগের ৪৫টি পৌরসভায় ২৪০টি পরীক্ষামূলক নলকূপ, ১২০টি উৎপাদক নলকূপ, ১২০টি পাম্পহাউস ও ২৭টি ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এ ছাড়া ৭৫৫ কিলোমিটার পাইপলাইন, ১৪ হাজার ৪২০টি বাড়িতে সংযোগ ও ১৫৫টি টয়লেট নির্মাণ করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০১২ সালের জুলাই থেকে ২০১৫ সালে জুন মাস মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।এ ছাড়া ২৯৪ কোটি টাকার চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকার রাস্তা নির্মাণ এবং ফুটপাত উন্নয়ন ও প্রশস্তকরণ নামের আরেকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগরের ১৫২ কিলোমিটার রাস্তার উন্নয়ন ও প্রশস্তকরণ হবে। এ ছাড়া ২২ কিলোমিটার ড্রেন ও আটটি ব্রিজ/কালভার্ট নির্মাণ করা হবে। গতকালের সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।সভায় অনুমোদিত অন্য প্রকল্প হলো: ১০৩ কোটি টাকার ভোলা জেলা শহর সংরক্ষণ প্রকল্প, ৪৩৭ কোটি টাকার মেঘনা সেতু ও গোমতী সেতু পুনর্বাসন প্রকল্প (সংশোধিত), ২৮ কোটি টাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ ও আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড কলেজ উন্নয়ন প্রকল্প এবং ৬৫ কোটি টাকার ঢাকার সিএমএইচ সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।