একনেকে পাঁচ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাজার ৪৫৫ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে ২ হাজার ৩৬০ কোটি টাকা আসবে সরকারের নিজস্ব উৎস থেকে, আর বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ৯৫ কোটি টাকা।

আজ মঙ্গলবার একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

অনুমোদিত প্রকল্পগুলো হলো—১ হাজার ২৭৮ কোটি টাকার ওয়েস্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ–ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন; ৩২৪ কোটি টাকার নর্থ বেঙ্গল চিনিকলে কো-জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও সুগার রিফাইনারি স্থাপন; ৬৭৬ কোটি টাকার থ্রিজি প্রযুক্তি চালু করা ও ২.৫ জি নেটওয়ার্ক সম্প্রসারণ (২য় পর্যায়); ১১৬ কোটি টাকার বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক নির্মাণ এবং ৬১ কোটি টাকার টেকনাফ-রামু-গ্যারিসন-মরিচ্যা-পালং সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন।