একনেকে প্রকল্প পাস, প্রশ্নও থেকে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাস হয়েছে দেশের এযাবৎকালের বৃহত্তম প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প। কিন্তু প্রকল্পের ব্যয় নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার কোনো জবাব মেলেনি।

গতকাল মঙ্গলবার একনেক সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

রূপপুর প্রকল্পের জন্য ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকা ব্যয় অনুমোদন করেছে একনেক। কিন্তু এই প্রকল্পের জন্য রাশিয়ার সঙ্গে বাংলাদেশের যে সাধারণ চুক্তি (জেনারেল কন্ট্রাক্ট) সই হয়েছে, তাতে ব্যয় উল্লেখ করা হয়েছে ১ হাজার ২৬৫ কোটি ডলার বা ১ লাখ ১ হাজার ২০০ কোটি টাকা।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সাধারণ চুক্তিটি ‘ফিক্সড অ্যান্ড ফার্ম’ চুক্তি। কোনো পরিস্থিতিতেই এই ব্যয় বাড়বে না। এর সঙ্গে সমীক্ষার জন্য ব্যয় হওয়া ৫৫ কোটি (৫৫০ মিলিয়ন) ডলার যুক্ত করলেও মোট ব্যয় দাঁড়ায় ১ হাজার ৩২০ কোটি ডলার বা ১ লাখ ৫ হাজার ৬০০ কোটি টাকা। একনেকের অনুমোদিত ব্যয়ের চেয়ে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা কীভাবে বাড়ল, প্রশ্ন উঠেছে তা নিয়ে।

কিন্তু গতকাল একনেক সভার পর পরিকল্পনামন্ত্রীর ব্রিফিংয়ে এ নিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগ পাওয়া যায়নি। জরুরি প্রয়োজনে ব্রিফিং মাঝপথে শেষ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি সাংবাদিকদের বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে আমরা জাতিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারব। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচার জন্য জীবশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে। তাই বাতাস, সৌর ও পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ বেশি হলেও পরিচালন খরচ তুলনামূলক কম।’ তিনি আরও বলেন, বর্তমানে ৩১টি দেশে ৬৭টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু আছে। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা ১৬৮ হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, রূপপুর প্রকল্পে ৯১ হাজার ৪০ কোটি টাকা বা ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া। বাকি ২২ হাজার ৫৩ কোটি টাকা দেবে সরকার নিজে। পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করবে।

গত ২৬ জুলাই রাশিয়ার অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের স্টেট এক্সপোর্ট ক্রেডিট চুক্তি স্বাক্ষরিত হয়। আট বছরে এ অর্থ পাওয়া যাবে। আর পরিশোধ করতে হবে ২০ বছরে। তবে ১০ বছর গ্রেস পিরিয়ড। এ ঋণের সুদের হার লন্ডন ইন্টারব্যাংক অফারড রেটের (লাইবর) সঙ্গে ১ দশমিক ৭৫ শতাংশ। তবে তা কখনো ৪ শতাংশের বেশি হবে না।

২০২৫ সালের মধ্যে এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। প্রকল্পটি পাবনার ঈশ্বরদীর রূপপুর এলাকায় বাস্তবায়িত হচ্ছে। দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।