একনেকে সাড়ে সাত শ কোটি টাকার ৫টি প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (একনেক) নির্বাহী কমিটি ৭৫৯ কোটি টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

একনেক চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি অর্থ বছরের ১৬ তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠক শেষে সাংবাদিকদের জানান, মোট প্রকল্প ব্যয়ের মধ্যে জাতীয় কোষাগার থেকে সরকার দেবে ৭২৬.৭২ কোটি টাকা। আর বাকি ৩২.৪০ কোটি টাকা পাওয়া যাবে প্রকল্প সহায়তা হিসেবে।
তিনি বলেন, একনেক অনুমোদিত এ সব প্রকল্পই নতুন। এর মধ্যে একটি হচ্ছে ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১৩৯.৯৬ কোটি টাকা। এটি বাস্তবায়িত হলে সাধারণ লোক সহজে ভূমি সংক্রান্ত অধিক সেবা পাবে।
রাজধানীর তেজগাঁও এলাকায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর চত্বরে ২০ তলা ফাউন্ডেশনের ওপর দু’টি বেসমেন্টে ১৩ তলা এ ভবন নির্মিত হবে। ২০১৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
এ ছাড়া সভায় ১৭২ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০২০ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য ভূ-পৃষ্ঠের পানি ব্যবহার করতে এ রাবার ড্যাম নির্মাণ করা হবে। পাঁচটি জেলার আটটি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। উপজেলাগুলো হচ্ছে-চট্টগ্রাম জেলার লোহাগড়া ও আনোয়ারা, কক্সবাজার জেলার চকোরিয়া ও রামু, বান্দরবান জেলার সদর, নাইক্ষ্যংছড়ি, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এবং হবিগঞ্জ জেলার বাহুবল।
অন্যান্য প্রকল্পের মধ্যে একটি হচ্ছে- ২৩১.৬৭ কোটি টাকা ব্যয়ে পার্টিসিপেটরি রুরাল ডেভেলপমেন্ট প্রকল্পের (পিআরডিপি) তৃতীয় ধাপ। স্থানীয় সরকার পরিকল্পনা প্রণয়নের জন্য প্রায় ৬ শ ইউনিয়ন পরিষদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা এবং স্থানীয় সম্পদ ব্যবহারে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
পিআরডিপি দ্বিতীয় ধাপ বাস্তবায়নের সফলতার ভিত্তিতে তৃতীয় এ ধাপটি গ্রহণ করা হয়েছে। ২০১০ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত ৬৪টি জেলার ৮৫টি উপজেলার ২ শ ইউনিয়নে দ্বিতীয় ধাপটি বাস্তবায়ন করা হয়। ২০২০ সালের জুনের মধ্যে তৃতীয় ধাপটি বাস্তবায়ন হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় ১৪ কোটি টাকা ব্যয়ে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার জন্য ‘শোকেসিং বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।
তিনি বলেন, এ প্রকল্পের অধীনে রাজধানীর ব্যস্ত এলাকায় বিশেষ করে ন্যাম ভবন, সোহরাওয়ার্দী উদ্যান, বাহাদুর শাহ পার্ক, কমলাপুর রেলওয়ে স্টেশন এবং লঞ্চ টার্মিনালের মতো স্থানে এলইডি ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। - বাসস