একনেকে স্যাটেলাইট উৎক্ষেপণসহ ৬ প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎ‌ক্ষেপণ প্রকল্পসহ ছয়টি নতুন প্রকল্প আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে। এ প্রকল্পটি সফল হলে ব্রডকাস্টিং ব্যয় বাবদ বছরে ১১০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেকে অনুমোদিত হওয়া প্রকল্পগুলোর বিষয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ২ হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎ‌ক্ষেপণ’ শীর্ষক প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকার (জিওবি) এক হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা এবং সংস্থার প্রকল্প সাহায্য এক হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা। বিডার্স ফাইন্যান্সিয়ের মাধ্যমে প্রকল্প সাহায্যের ব্যবস্থা করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল এ কাজের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে স্যাটেলাইটটির নকশা তৈরি করেছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ ছাড়াও এ প্রকল্পের আওতায় টেলিকমিউনিকেশন ও ব্রডকাস্টিং সেবা দিতে ৪০টি ট্রান্সপন্ডার বিশিষ্ট বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করা হবে বলে জানান তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, নির্মাণের পর স্যাটেলাইটটি অরবিটাল স্লটে স্থাপন করা হবে। ভূমি থেকে স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের জন্য ২টি গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হবে। প্রকল্পটি সফল হলে ব্রডকাস্টিং ব্যয় বাবদ বছরে ১১০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
বাংলাদেশ রেলওয়ের জন্য ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ শীর্ষক ৯৭৫ কোটি ৯৭ লাখ টাকার অপর একটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে জানিয়ে মুস্তফা কামাল বলেন, রেলপথ মন্ত্রণালয়ের অধীন রেলওয়ে জুলাই ২০১৪ থেকে জুন ২০১৭ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রাক্কলিত মোট ব্যয়ের মধ্যে সরকার ২৬৫ কোটি ৩৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৭১০ কোটি ৬৩ লাখ টাকা। এ প্রকল্পের আওতায় ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ করা হবে। এ প্রকল্পের উন্নয়ন সহযোগী হলো ভারত সরকার।

আজকের সভায় ‘ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০৭ কোটি ৩৮ লাখ টাকার অপর একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর জুলাই ২০১৪ থেকে জুন ২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় নেত্রকোনা, গোপালগঞ্জ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ৫টি ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ, বিদ্যুতের সিস্টেম লস কমানো এবং অগ্রিম বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে সভায় ‘খুলনা শহরের জন্য প্রি-পেমেন্ট মিটারিং (১ম পর্যায়)’ শীর্ষক ৪২ কোটি ৪৩ লাখ টাকার একটি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানিযোগ্য পণ্যসামগ্রী গুদামজাত সুবিধাসহ হ্যান্ডলিং সুবিধা উন্নয়নের লক্ষ্যে একনেক সভায় ‘তামাবিল স্থলবন্দর উন্নয়ন’ শীর্ষক সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৬৯ কোটি ২৬ লাখ টাকার অপর একটি প্রকল্প অনুমোদিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ২০১৪ সালের জুলাই থেকে জুন ২০১৭ মেয়াদে এটি বাস্তবায়ন করবে। এ ছাড়াও সভায় ‘নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ’ শীর্ষক অপর একটি প্রকল্পও অনুমোদিত হয়।

প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মুজিবুল হক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।