একনেকে হাজার কোটি টাকার ছয় প্রকল্প অনুমোদন
১ হাজার ৯৫ কোটি টাকার ছয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬৭৪ কোটি ৭১ লাখ টাকা জোগান দেওয়া হবে। আর বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ৪২০ কোটি ৭৬ লাখ টাকা।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভাশেষে প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনাসচিব তারিক-উল-ইসলাম এবং সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম।
একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো ৪৭৭ কোটি ৮১ লাখ টাকার আখাউড়া-আগরতলার বাংলাদেশ অংশে ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ; ২৭২ কোটি ৮২ লাখ টাকার ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প; ১০৬ কোটি টাকার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে পোল্ডার নম্বর-৬৮–এর সি-ডাইক অংশে বাঁধ পুনর্নির্মাণ ও প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন প্রকল্প; ৯৫ কোটি ৪০ লাখ টাকার চট্টগ্রাম জেলার বাপাউবোর আওতায় উপকূলীয় অঞ্চলের পোল্ডার নম্বর ৬১/১ (সীতাকুণ্ড), ৬১/২ (মীরসরাই) ও ৭২ (সন্দ্বীপ)–এর বিভিন্ন অবকাঠামোসমূহের ভাঙন প্রতিরোধ, নিষ্কাশন এবং সেচব্যবস্থার উন্নয়নের জন্য পুনর্বাসন প্রকল্প; ৮৬ কোটি টাকার নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন (২য় পর্যায়) এবং ৫৭ কোটি টাকার ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় কমপ্লেক্স (৮ থেকে ১১ তলা) নির্মাণ (৩য় পর্ব) প্রকল্প।