একনেকে হাস্যরস
ছাত্রজীবনে মেয়েদের সঙ্গে কথা বলা নিয়ে হাস্যরসাত্মক আলোচনা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। গতকাল মঙ্গলবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেকের সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রকল্প উপস্থাপন করা হলে কয়েকজন মন্ত্রী এ বিষয়ে ছাত্রজীবনের স্মৃতিচারণা করে হাস্যরস করেন।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বুয়েটের প্রকল্প নিয়ে আলোচনাকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি বুয়েটের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলাম। আমাদের সময় কোনো মেয়ে সহপাঠী (ক্লাসমেট) ছিল না। যদি সময় পেতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে গিয়ে মেয়ে দেখে আসতাম।’
এ কথা বলার সঙ্গে সঙ্গে সভায় হাসির রোল পড়ে যায়। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলে ওঠেন, ‘আর দেখেন, আমরা কত ভালো ছিলাম। আমি আর আনিস ভাই (পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মেয়ে সহপাঠী থাকা সত্ত্বেও কোনো মেয়ের দিকে তাকাতাম না!’
এ সময় আবারও হাসির রোল পড়ে। তখন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ার সময় ১৩ জন ছাত্রছাত্রীর মধ্যে তিনজন মেয়ে সহপাঠী ছিল। ওই সময় মেয়েদের সঙ্গে ছেলেদের কথা বলা নিষেধ ছিল। কিন্তু কেউ তা মানত না। ওই সময়ের প্রক্টর মোজাহারুল সাহেব ছিলেন অত্যন্ত রসিক মানুষ। একদিন ডেকে নিয়ে তিনি বলেছিলেন, তোমাদের তো শাস্তি হবে। তোমাদের একটা উপায় বলে দেই, তা হলো, তোমরা বরং ক্লাসে গিয়ে কথা বলো। তাতে কোনো আইন ভঙ্গ হবে না, তোমাদের উদ্দেশ্যও সফল হবে।’