একনেকে ১৬ প্রকল্প অনুমোদন
১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে ব্যয় হবে ১৬ হাজার ৮৮৭ কোটি ৮১ লাখ টাকা।
আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো ৬ হাজার ৯১৫ কোটি টাকার পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ; ২ হাজার ২৯ কোটি টাকার ঘোড়াশাল চতুর্থ ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প; ৭৪৬ কোটি টাকার বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণ ও সুরক্ষা এবং ফিজিবিলিটি স্টাডি প্রকল্প; ৬৬৭ কোটি টাকার ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের উৎপাদনপদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ; ৫১৬ কোটি টাকার ইজিসিবি লিমিটেডের আওতায় কক্সবাজার জেলার পেকুয়ায় ২ গুণিতক ৬০০ মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন, ইআইএ এবং সম্ভাব্যতা যাচাই; ১৮৬ কোটি টাকার খুলনা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সংযোগ সড়ক নির্মাণ; ৪৫ কোটি টাকার জাতীয় বেতার ভবনে আধুনিক যন্ত্রপাতি ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন; ৩৮৪ কোটি টাকার বাংলাদেশ গ্রামীণ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প; ১২৬ কোটি টাকার জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন; ২৭৪ কোটি টাকার ঢাকার ইস্কাটনে সিনিয়র সচিব, সচিব ও গ্রেড-২ কর্মকর্তাদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ; ৮৯ কোটি টাকার বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে জরুরি সরঞ্জামাদি সরবরাহ ও সংস্থাপন; ৭৫ কোটি টাকার নয়টি পুলিশ সুপার অফিস ভবন নির্মাণ; ২৮৭ কোটি টাকার সিলেট বিভাগ গ্রামীণ অ্যাকসেস সড়ক উন্নয়ন; ৩ হাজার ৬৭ কোটি টাকার প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান (৩য় পর্যায়) প্রকল্প; ১৮৭ কোটি টাকার হাইটেক পার্ক, সিলেটের (সিলেট ইলেকট্রনিকস সিটি) প্রাথমিক অবকাঠামো নির্মাণ এবং ১ হাজার ২৯২ কোটি টাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন।
একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।