একনেকে ৫টি প্রকল্প পাস
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৩ হাজার ৪৪৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয় সংবলিত (প্রাক্কলিত) পাঁচটি প্রকল্প পাস করেছে। আজ মঙ্গলবার একনেকের সভায় এ প্রকল্পগুলো পাস করা হয়।
প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। খবর বাসসের।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল একনেকে পাস হওয়া পাঁচটি প্রকল্প সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ হচ্ছে ৯৪৫ কোটি ৬৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্যের পরিমাণ ২ হাজার ৪৯৯ কোটি ৫৩ লাখ টাকা।
পরিকল্পনামন্ত্রী বলেন, পাঁচটি প্রকল্পের মধ্যে দুটি নতুন প্রকল্প এবং তিনটি সংশোধিত প্রকল্প রয়েছে। এর মধ্যে তিনটি প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থায়নে এবং বাকি দুটি সরকারি ও প্রকল্প সাহায্য নিয়ে বাস্তবায়ন করা হবে।
এদিকে আজ পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবারের একনেক সভায় ‘তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতীকরণ (সেক্টর) (ইউজিআইআইপি)’ শীর্ষক ২৬০০ কোটি ৪৮ লাখ টাকার প্রকল্পটি পাস হয়েছে। এ বছরের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত এ প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ‘এলজিইডি’ এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সভায় ‘নেত্রকোনা-ধর্মপাশা-জামালগঞ্জ-সুনামগঞ্জ-সিলেট সড়ক উন্নয়ন (নেত্রকোনা অংশ)’ শীর্ষক প্রকল্পটি পাস হয়। ৩৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত।
‘বিরিশিরি-বিজয়পুর স্থলবন্দর সড়ক নির্মাণ (মাদুপাড়া সংযোগসহ)’ শীর্ষক ৮০ কোটি ৬১ লাখ টাকার অপর একটি প্রকল্প একনেকের সভায় পাস হয়েছে। সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়নে সড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৬ জুন পর্যন্ত।
‘সোলার প্যানেল স্থাপনসহ সমবায় ভবনের অসমাপ্ত অংশের ভৌত নির্মাণ’ শীর্ষক ৩৪ কোটি ৯৮ লাখ টাকার অপর একটি প্রকল্প আজ একনেকের সভায় পাস হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় সমবায় অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ বছরের মার্চ থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে।
‘ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি (এনএটিপি): ফেজ-১’ শীর্ষক ৬৯৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয় সংবলিত আরেকটি প্রকল্প সভায় পাস হয়েছে। সরকারের ৬৬ কোটি ৮৮ লাখ টাকা অর্থায়নসহ প্রকল্প সাহায্য হিসেবে ৬২৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে কৃষি এবং মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০০৭ হতে ডিসেম্বর ২০১৪।
পরিকল্পনামন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।