দেশের ৯৪টি উপজেলায় ১২৮টি সেতু নির্মাণ করা হবে। গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। এ জন্য ৩ হাজার ৯২৭ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে সেতুগুলো নির্মাণের পাশাপাশি সংযোগ সড়ক নির্মাণ, ভূমি অধিগ্রহণ ও নদীশাসনের কাজ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন মাসের মধ্যে এসব সেতু নির্মাণ করবে।
এ ছাড়া সভায় চট্টগ্রাম মহানগরে সুপেয় পানি সরবরাহব্যবস্থা উন্নত করতে ১ হাজার ৮৯০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
এ দুটি প্রকল্পসহ সভায় মোট নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় ৮ হাজার ৮৭৪ কোটি টাকা। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৪৫৫ কোটি টাকা ব্যয়ে ভোলা জেলায় গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ৭০৪ কোটি টাকা ব্যয়ে বাগেরহাট জেলায় ৮৩টি নদী-খাল পুনঃখনন এবং মোংলা-ঘষিয়াখালী চ্যানেলের নাব্যতা বৃদ্ধি, ৩৪০ কোটি টাকার খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, ১৬০ কোটি টাকার বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ এবং উপকেন্দ্রসমূহের উন্নয়ন, ৫৬৬ কোটি টাকার তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, ৯৬ কোটি টাকার তথ্য ভবন নির্মাণ এবং ৭৩৪ কোটি টাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নব সংযুক্ত শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল এবং সারুলিয়া এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প।