একনেকের বৈঠকে ছয় প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পল্লি এলাকায় ২৫ লাখ গ্রাহককে বিদ্যুতের সংযোগ দেওয়ার একটি প্রকল্পসহ ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসির সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৪৪ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১ হাজার ১৫৪ কোটি ৮০ লাখ এবং বিদেশি সহায়তা থেকে ১ হাজার ৫৯০ কোটি ৯ লাখ টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের উন্নয়নে নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। তিনি ‘ইমারজেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট’ (ইসিআরআরপি) বাস্তবায়নের সময় আর না বাড়িয়ে ২০১৭ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে বলেছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, পল্লি এলাকায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন, বিদ্যুতের চাহিদা পূরণ এবং ২৫ লাখ নতুন গ্রাহককে সংযোগ দিতে বিদ্যুৎ খাতে গ্রাহক সংযোগ প্রকল্পটি নেওয়া হয়েছে। এ প্রকল্পটিতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ঋণ দেবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২৮ কোটি ২৬ লাখ টাকা।
একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের ইসিআরআরপি (বাপাউবোর অংশ)। এতে ব্যয় ধরা হয়েছে ৭৫০ কোটি ৫০ লাখ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইসিআরআরপি (ডি১ ডিডিএম)। এর ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ৭৪ লাখ টাকা। পানিসম্পদ মন্ত্রণালয়ের তিস্তা ব্যারেজ (২য় পর্যায়) প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ৮৮ লাখ টাকা। পানিসম্পদ মন্ত্রণালয়ের রংপুর জেলার গঙ্গাচড়া ও রংপুর সদর উপজেলায় তিস্তা নদীর ডান তীর ভাঙন হতে রক্ষা প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হবে ১২৫ কোটি ৩৯ লাখ টাকা। এ ছাড়া আছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিসিএস ইকোনমি একাডেমি প্রতিষ্ঠা প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ৪২ লাখ টাকা।
একনেক সভায় প্রকল্প-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা অংশ নেন।