একনেকের সভায় ৩৭৫ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদিত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গতকাল মঙ্গলবার ৩৭৫ কোটি টাকা ব্যয়সংবলিত চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ৩১৩ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য রয়েছে ৬২ কোটি টাকা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। একনেক বৈঠক শেষে পরিকল্পনাসচিব মো. হাবিবুল্লাহ মজুমদার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। খবর বাসসের।অনুমোদিত প্রকল্পগুলো হলো ১৫৩ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা শহরের ৪২ নম্বর ওয়ার্ড এবং মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সড়ক, পয়োনালা ও ফুটপাতের উন্নয়ন; ৫০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের ‘মাদারীপুর (কুলপোদ্দী)-কালকিনি ভুরুঘাট সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’ এবং ৯৯ কোটি টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অধীনে ‘চট্টগ্রাম পাহাড়ি এলাকায় ১২ কিলোমিটার রাস্তাসহ ব্রিজ ও কালভার্ট নির্মাণ’। এ ছাড়া ৭৩ কোটি টাকায় শিল্প মন্ত্রণালয়ের অধীনে ‘বিএসটিআই শক্তিশালী ও আধুনিকীকরণ’।সভায় সংশিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।