একপক্ষ নেতানির্ভর অন্যপক্ষে শুধু কর্মী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহ্বায়ক কমিটি গঠনের প্রায় দুই বছর পরও মেহেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হয়নি। একাংশের দাবি, বিএনপির জেলা কমিটির আংশিক অনুমোদন হয়েছে। অপর অংশের দাবি, জেলা বিএনপির কোনো কমিটি হয়নি। এরই মধ্যে চলছে নেতাদের পক্ষ বদলের হিড়িক। তাঁদের অভিযোগ, দলে অবমূল্যায়নের কারণে তাঁরা পক্ষ বদল করছেন। এ নিয়ে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে বিভ্রান্তি, ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দুটি পক্ষই শহরে দুটি দলীয় কার্যালয়ও করেছে।জেলা বিএনপির একাংশের নেতৃত্ব দিচ্ছেন দলের সাবেক সহসভাপতি ইলিয়াস হোসেন। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন দলের সাবেক সভাপতি ও সাংসদ মাসুদ অরুণ। এই পক্ষে আছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের বর্তমান সাংসদ আমজাদ হোসেন। ইলিয়াসপন্থীরা অনেক নেতার সংমিশ্রণ ঘটিয়ে দলকে নেতানির্ভর করেছেন। তাঁদের কর্মসূচিতে কর্মীর চেয়ে নেতাদের সরব উপস্থিতি বেশি দেখা যায়। অন্যদিকে মাসুদ অরুণ দলকে কর্মীমুখী করতে গিয়ে প্রায় নেতাশূন্য করে ফেলেছেন। তবে ইলিয়াসপন্থীরা অরুণের পক্ষে ছিলেন। ২৫ অক্টোবর অরুণপক্ষের আরও চার নেতা অবমূল্যায়নের অভিযোগ এনে ইলিয়াসের পক্ষে যোগ দেন।দ্বন্দ্বের কারণে মূল দল বিএনপি ছাড়াও জেলা যুবদল ও ছাত্রদলের দুটি করে কমিটি কেন্দ্রে জমা পড়েছে। মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা হলেও তা মেনে নেয়নি ইলিয়াসপন্থীরা। মহিলা দল বাতিলের দাবিতে ২৬ অক্টোবর তাঁরা শহরে ঝাড়ু মিছিল করে। বর্তমানে পক্ষ দুটি একে অন্যকে ঘায়েল করতে নোংরা বক্তব্য ও ষড়যন্ত্রে লিপ্ত বলে উভয় পক্ষের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন।সাংসদ আমজাদ হোসেন ও মুজিবনগর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, তাঁরাই জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন। দলের যুগ্ম মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর অরুণপক্ষের এই কমিটিকে অনুমোদন দিয়েছেন বলে দাবি করেন তাঁরা।ইলিয়াসপন্থীর নেতা হাফিজুর রহমান জানান, দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মেহেরপুরে কোনো কমিটির অনুমোদন দেননি বলে তাঁদের জানিয়েছেন। ফলে যুগ্ম মহাসচিবের স্বাক্ষরিত কমিটির কোনো বৈধতা নেই। তাই আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে ইলিয়াস হোসেনই দলের প্রধান।দলের দ্বন্দ্ব সম্পর্কে ইলিয়াস হোসেন বলেন, অরুণ সংস্কারপন্থী। তিনি দলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। অবমূল্যায়নের কারণে দলের অধিকাংশ নেতাই এখন তাঁর পক্ষে। ফলে তাঁরাই প্রকৃত বিএনপি বলে দাবি করেন তিনি। মাসুদ অরুণ জানান, দলের সুবিধাবাদী জামায়াতপন্থী কিছু নেতা যাঁরা নির্বাচনের সময় কখনো দাঁড়িপাল্লার হয়ে, কখনো নৌকার হয়ে কাজ করেছেন। মূলত তাঁরাই এককাট্টা হয়ে তাঁর বিরুদ্ধে মাঠে নেমেছেন।