একবার যদি সুযোগ পেতাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ নিয়ে আড্ডায় তরুণেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হলের মাঠ থেকে বুধবার ছবিটি তোলা। ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধ নিয়ে আড্ডায় তরুণেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হলের মাঠ থেকে বুধবার ছবিটি তোলা। ছবি: প্রথম আলো

এনামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। তাঁর বয়স এখন ২১। মাত্র ছয় বছর বয়সেই তিনি দেখেন মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘হাঙ্গর নদী গ্রেনেড’। এরপর থেকেই মুক্তিযুদ্ধ তাঁর কাছে চেতনার নাম। তাঁর কল্পনায় মুক্তিযুদ্ধের নায়কেরা বারবার ফিরে আসেন। এনামুল বললেন, ‘আবার যদি মুক্তিযুদ্ধ আসে, আমি মুক্তিযোদ্ধা হব। কারণ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা অনেক বড় ব্যাপার, অনেক সম্মানের।’ 

মহান মুক্তিযুদ্ধ নিয়ে এনামুল হকের মতো এমনই ভাবনা আরও অনেক তরুণের, যাঁদের সঙ্গে গত বুধবার কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই বিশ্ববিদ্যালয় ছাড়াও বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সঙ্গেও আলাপ হয় মুক্তিযুদ্ধ নিয়ে।
আলাপের শুরুতেই যেন কথার তুবড়ি ছোটে নবীন শিক্ষার্থীদের কণ্ঠে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আসিফ ইকবালের কাছে প্রশ্ন ছিল, মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল? তিনি বললেন, ‘মুক্তিযুদ্ধ যদি না হতো, তাহলে আমরা এভাবে থাকতে পারতাম না। মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। আমাদের সারা জীবনেই এর প্রভাব রয়েছে।’
তাঁকে থামিয়ে দিয়ে বাংলা বিভাগের সাব্বির হোসেন বললেন, ‘মুক্তিযুদ্ধ ছিল আমদের স্বাধিকারের আন্দোলন, বাঙালির অধিকারের আন্দোলন। এ যুদ্ধ বাঙালির জন্য অপরিহার্য ছিল।’
বিষয় যখন মুক্তিযুদ্ধ, তখন কাউকে কি থামানো যায়? দেশাত্মবোধক গানেও অনেকে জেনেছেন মুক্তিযুদ্ধের কথা। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফাহমিদা খালেক ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল লাল...’ গানে প্রথম মুক্তিযুদ্ধের কথা জানতে পারেন বলে জানালেন।
আলাপের মাঝে হঠাৎ কে যেন বলে উঠলেন, ‘ইশ্‌! যদি একবার মুক্তিযুদ্ধ যাওয়ার সুযোগ পেতাম!’ ওই কথার প্রতিধ্বনি শোনা গেল উর্দু বিভাগের মহসিন আলমের কণ্ঠে। তিনি বলেন, ‘স্কুল থেকেই প্রথম মুক্তিযুদ্ধের কথা শুনি। একবার যদি সুযোগ পেতাম, অবশ্যই মুক্তিযুদ্ধে যেতাম।’
মুক্তিযুদ্ধের চেতনার একটা ভিন্ন ব্যাখ্যা দিলেন বাংলা বিভাগের ওমর ফারুক। তিনি বললেন, ‘দেশের ক্ষতি হয়, এমন কিছু না করাই হলো আমার কাছে মুক্তিযুদ্ধের চেতনা।’
মুঠোফোনে কথা হলো স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের অনেকের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা দুর্বল। আর থাকলেও তা কাজে পরিণত করতে পারি না। তবে মুক্তিযুদ্ধকে ভীষণ শ্রদ্ধা করি এবং চাই, আমাদের সবার মধ্যে এই চেতনা ছড়িয়ে পড়ুক এবং দেশের জন্য কাজ করি।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী আইদীদ মো. আরব শাহ মনে করেন, ‘মুক্তিযুদ্ধ আমার কাছে অধিকার আদায়ের সংগ্রাম। শিক্ষার অধিকার, গণতন্ত্রের অধিকার, নাগরিক অধিকার। যেহেতু এর অনেক কিছুই আমরা এখনো অর্জন করতে পারিনি, তাই মুক্তিযুদ্ধ আমার কাছে একটা চলমান প্রক্রিয়া।’