একবারই কেনা হয়েছিল বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজারের নয়াটোলার শহীদ আ. ওহাব স্মৃতি পাঠাগারটি চলছে নাজুক অবস্থায়। গত মঙ্গলবার বিকেলে ছবিটি তুলেছেন আবদুস সালাম
মগবাজারের নয়াটোলার শহীদ আ. ওহাব স্মৃতি পাঠাগারটি চলছে নাজুক অবস্থায়। গত মঙ্গলবার বিকেলে ছবিটি তুলেছেন আবদুস সালাম

মগবাজারের নয়াটোলা শিশুপার্কে ঢোকার গলির মাথা থেকেই নামটি দেখা যায়, ‘শহীদ আ. ওহাব স্মৃতি পাঠাগার’। সমৃদ্ধ একটি পাঠাগার দেখার আশা নিয়ে ভেতরে ঢুকে বেশ হতাশই হতে হলো। এখানকার সবকিছুই জরাজীর্ণ, যেন এখনই ভেঙে পড়বে! একবারই মাত্র কেনা হয়েছিল এই পাঠাগারের বই ও আসবাব। পাঠাগারটি একজন শহীদ মুক্তিযোদ্ধার নামে, কিন্তু এখানকার সঙিন অবস্থা যেন তাঁকে উপহাসই করছে! অথচ এটি কোনো ব্যক্তি উদ্যোগের পাঠাগার নয়, এর মালিক স্বয়ং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
কে এই আ. ওহাব? তাঁকে নিয়ে কোথাও কিছু লেখা নেই। এমনকি পাঠাগারেও নেই সংক্ষিপ্ত জীবন-পরিচিতি। নয়াটোলার গ্রিনওয়ে এলাকায় ওহাবের বাড়িতে গিয়ে এবং তাঁর সহযোদ্ধা সিরাজুল ইসলামের সঙ্গে আলাপ করে জানা গেল, মুক্তিযুদ্ধের সময় ওহাব দামাল যুবক। চারদিক থেকে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের অত্যাচারের খবর আসছে। ওহাব খবর পেলেন, তাঁর বয়সী ছোট-বড় অনেকেই মুক্তিযুদ্ধে নাম লেখাতে ঘর ছাড়ছেন। ২৫ বছরের ওহাবের ঘরে তখন নতুন বউ। মাত্র কয়েক মাস আগে (১৯৭০-এর শেষ দিকে) বিয়ে করেছেন। কীভাবে কী করবেন মনস্থির করতে পারছেন না। অবশেষে ক্লাস নাইন পর্যন্ত পড়া ওহাব একদিন পরিবারের সদস্যদের বললেন, স্বাধীনতা অর্জিত না হলে সবকিছু অর্থহীন। তাই তিনি যোগ দেবেন মুক্তির এই যুদ্ধে। সঙ্গী হিসেবে পেলেন দু-একজন বন্ধুকে।
ওহাব বিজয় দেখে যেতে পারেননি। ১৯৭১ সালের ২২ নভেম্বর, ঢাকার কাছে ইছাপুরায় এক সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।
১৯৯৬ সালের ২২ আগস্ট তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফ নয়াটোলা শিশুপার্কের কাছে ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের একটি কক্ষে এই পাঠাগারের উদ্বোধন করেন। সর্বসম্মতভাবে নাম ঠিক হলো ‘শহীদ আ. ওহাব স্মৃতি পাঠাগার’। তবে শুরু থেকেই এই পাঠাগারে গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হয়নি। দুজন পরিচ্ছন্নতাকর্মী সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত পালাক্রমে পাঠাগার খোলা রাখেন। এখন পর্যন্ত তাঁরা আছেন।
শুরুতে সিটি করপোরেশন থেকে দেওয়া হয়েছিল ১ হাজার ২০০ বই। এরপর গত ২০ বছরে আর কোনো বই দেওয়া হয়নি। তবে স্থানীয় কেউ কেউ কিছু বই এখানে দান করেন। এখন দেড় হাজারের মতো বই আছে এই পাঠাগারে।
১৮ আগস্ট পাঠাগারে গিয়ে দেখা যায়, বইগুলো মোটেই ভালো অবস্থায় নেই। বেশির ভাগ বইয়েরই বাঁধাই ও সেলাই ছুটে গেছে, হয়েছে পোকার খাদ্য। উদ্বোধনের সময় দেওয়া এখানকার চারটি আলমারি যেন ঘুণপোকার বসতবাড়ি। ভেঙে গেছে কাচ। ভেতরে পুরু ময়লার আস্তর। ২৪টি চেয়ারের বেশির ভাগেরই গদি ছেঁড়া। পড়ার টেবিলটার যায় যায় দশা। খসে পড়েছে পাঠাগারকক্ষের সিলিং ও দেয়ালের পলেস্তারা।
পাঠাগারটি দেখভালের দায়িত্বে থাকা আবদুল আহাদ বললেন, ৮-১০ জন পাঠক আছেন। তাঁরা এসে পত্রিকা পড়তে চান। কিন্তু এখানে পত্রিকা রাখা হয় না। অনেকে বই বাসায় নিয়ে পড়তে চান, কিন্তু এখানে এ ধরনের ব্যবস্থা নেই। প্রতি বছর বইমেলায় কত নতুন নতুন বই বের হয়। পাঠকেরা এসে নতুন বই খোঁজেন। কিন্তু এখানে নতুন বই আমরা পাই না।
পাঠাগারসহ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের ভবন সংস্কারের জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও সিটি করপোরেশন নির্বিকার।
সিটি করপোরেশনের পাঠাগার এ রকম বিপর্যস্ত কেন, জানতে চাইলে ডিএনসিসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বললেন, পাঠাগারের দিকে কারও মনোযোগই নেই। বিষয়টা কারও চিন্তার মধ্যেই নেই।
ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ সাইফুদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বললেন, ‘আমরা সবার আগে লোকবল নিয়োগের কথা চিন্তা করছি। পাঠাগারে গ্রন্থাগারিক ও ক্যাটালগারের পদ আছে। এসব পদে লোক নিয়োগ না দিয়ে পাঠাগারের উন্নয়ন করা যাবে না।’