চট্টগ্রাম নগরে ছয় বছর ধরে ছিনতাই, চুরি ও ডাকাতি করে বেড়ালেও পুলিশ তাঁদের হদিস পায়নি। তাঁদের দলে আছেন চারজন। প্রাইভেট কার নিয়ে চারজনে ছয় বছরে দুই হাজারের বেশি ছিনতাই ও চুরি করেছেন।
অভিনব কৌশলে অপরাধ করে বেড়ানো চারজন দীর্ঘদিন পুলিশের হাতে একবারও ধরা না পড়ায় বিস্মিত পুলিশ কর্মকর্তারাও। কিন্তু শেষ রক্ষা হয়নি তাঁদের। মঙ্গলবার অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাঁরা অকপটে স্বীকার করেন ছয় বছর ধরে ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা।
গ্রেপ্তার হওয়া আসামিদের উদ্ধৃতি দিয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে জানান, ২০০৮ সাল থেকে ছিনতাই ও চুরিতে জড়িয়ে পড়েন দলনেতা ইব্রাহিম। এরপর সিএনজি অটোরিকশায় চড়ে অপরাধ করে বেড়াতেন। ইতিমধ্যে দলে বিশ্বস্ত লোকজনও যোগ দেন। তিন বছর ধরে প্রাইভেট কার নিয়ে শুরু করেন ছিনতাই আর চুরি। নগরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়ান তাঁরা। গাড়ির চালকের সামনে তাঁদের দলের একজন সদস্য যাত্রীবেশে কখনো মালিক সেজে বসে থাকেন। িসটের পেছনে থাকেন দলের অপর দুই সদস্য। রাস্তায় দাঁড়ানো যাত্রীকে লক্ষ করে গাড়িতে তুলে নেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নেন। চোখ বেঁধে যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। ভোরবেলা ও রাতে নগরের বিভিন্ন বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এবং দূরের যাত্রীরাই তাঁদের লক্ষ থাকে। এ ছাড়া গাড়িতে তাঁরা গ্রিল কাটার যন্ত্রাংশও রাখেন। রাতে ও ভোরবেলায় দোকানের সামনে গাড়ি রেখে কৌশলে তালা ভেঙে জিনিস লুট করে নেন।
ধরা না পড়া প্রসঙ্গে তাঁরা পুলিশকে জানান, ঘন ঘন গাড়ির নম্বর পাল্টে ফেলার কারণে সহজে তাঁরা ধরা পড়েন না। তাঁদের বেশভূষা কখনো থাকে সাধারণ। আবার কখনো টাই-স্যুট পরা। সহজে পুলিশ কিংবা কেউ সন্দেহ করতে পারত না।
জানতে চাইলে গ্রেপ্তার ইব্রাহিম চট্টগ্রাম আদালত চত্বরে গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে জানান, ছয় বছর ধরে তাঁরা দুই হাজারের বেশি ছিনতাই-চুরি করেছেন। তবে কখনো কাউকে খুন করেননি। একটি ছিনতাইয়ের পর কিছুদিন তাঁরা গা ঢাকা দেন। পরে আবার বের হন।
নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ ছিনতাইকারী দলের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন ইব্রাহিম, হাসান, রিপন ও সিরাজ। এ সময় তাঁদের কাছ থেকে চারটি ছুরি ও গ্রিল কাটার যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হলে তাঁদের আদালতে পাঠানো হয়।