একমাত্র অ্যাম্বুলেন্সটি এখন নিজেই 'রোগী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার জনসংখ্যা প্রায় চার লাখ। এই বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার জন্য রয়েছে একটি মাত্র সরকারি অ্যাম্বুলেন্স। ১৫ বছর ধরে সেবা দিতে দিতে সেটি নিজেই এখন ‘রোগী’ হয়ে পড়েছে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নগরকান্দার পাশাপাশি পাশের সালথা উপজেলার মানুষ ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নেয়। কারণ, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখনো নির্মাণাধীন। দুই উপজেলা মিলিয়ে জনসংখ্যা প্রায় সাড়ে চার লাখ। এই বিপুলসংখ্যক মানুষকে যে অ্যাম্বুলেন্সটি সেবা দিয়ে আসছে, সেটি ১৫ বছরের পুরোনো। ২০০১ সালের শুরুর দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অ্যাম্বুলেন্সটি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সটি আর মেরামত করা হয়নি। ফলে বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও যেকোনো সময় সেটি একেবারে অকেজো হয়ে যেতে পারে। তখন জরুরি রোগী পরিবহনও বন্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

অ্যাম্বুলেন্সটির চালক জাহাঙ্গীর হোসেন বলেন, একনাগাড়ে ১৫ বছর চলতে চলতে অ্যাম্বুলেন্সটি এখন লক্কড়-ঝক্কড়ে পরিণত হয়েছে। বর্তমানে সেটি প্রায়ই রাস্তার মধ্যে নষ্ট হয়ে যায়।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, নগরকান্দা ও সালথা উপজেলা মিলিয়ে জনসংখ্যা এখন প্রায় সাড়ে চার লাখ। তাদের জন্য নিয়োজিত একমাত্র ওই অ্যাম্বুলেন্সটি মাঝেমধ্যেই অকেজো অবস্থায় থাকে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস বলেন, নগরকান্দা ও সালথা উপজেলার জন্য জরুরি ভিত্তিতে নতুন একটি অ্যাম্বুলেন্স দরকার। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।