একমাত্র অ্যাম্বুলেন্সটি নষ্ট সাড়ে চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজে পড়ে রয়েছে  অ্যাম্বুলেন্সটি l ছবি: প্রথম আলো
স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজে পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সটি l ছবি: প্রথম আলো

বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি সাড়ে চার বছর ধরে বিকল। এই অবস্থায় বেশি টাকা খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্স বা সিএনজিচালিত অটোরিকশায় করে রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা বলেন, এই উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষের বাস। ৫১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ২৫০ জন রোগী চিকিৎসা নেন। এর মধ্যে ৮-১০ জন মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া বড় সমস্যা হলে রোগীরা সরাসরি এই হাসপাতালে চলে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের ভাড়া ৪৮০ টাকা। সেটি না চলায় তিন থেকে চার গুণ বেশি টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁদের এই হাসপাতালে যেতে হয়। উপজেলায় বেসরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। এগুলো বগুড়া থেকে ভাড়া করে আনতে হয়। সেই অ্যাম্বুলেন্সগুলো ১৫০০ টাকার কমে আসতে চায় না। অনেকে উপায় না পেয়ে মুমূর্ষু রোগীকেও সিএনজিচালিত অটোরিকশা বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ যানে নিয়ে যেতে বাধ্য হন।
উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের আসলাম আলী (৫০) বলেন, কয়েক দিন আগে মারামারিতে আহত দুজন আত্মীয়কে নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। পরে রোগীদের বগুড়ায় স্থানান্তর করা হয়। কিন্তু তিনি কোনো গাড়িই পাচ্ছিলেন না। রাতে অনেক কষ্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁদের নিতে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা বলেন, ১৯৯৪ সালে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। প্রথম ১০ বছর তা ভালোভাবে চলে। এরপর প্রায়ই তা বিকল হয়ে যেত। বারবার মেরামতও করা হয়। ২০১২ সালের জানুয়ারি থেকে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। এটি মেরামত করতে যে টাকার প্রয়োজন, তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেই। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও নষ্ট অ্যাম্বুলেন্সটি মেরামত করে সচল করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে এখানে নতুন একটি অ্যাম্বুলেন্স দিলেই ভালো হয়।
অ্যাম্বুলেন্সচালক আবুল কালাম বলেন, অ্যাম্বুলেন্সটি পুরোনো হওয়ায় প্রায় সবকিছু নষ্ট হয়ে গেছে। এটি সচল করতে প্রায় চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু সে টাকা বরাদ্দ পাওয়া যায়নি। তবে অ্যাম্বুলেন্সটির যা অবস্থা, তাতে এটি মেরামত না করে নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ জরুরি।
স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী এলাকার একটি অনুষ্ঠানে এলে জনগণ তাঁদের এ সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী আশ্বাসও দেন। কিন্তু এখনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা আবীর হাসান বলেন, অ্যাম্বুলেন্স না থাকায় রোগীদের সমস্যা হচ্ছে। নতুন একটি অ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে।
শিবগঞ্জ পৌরসভা মেয়র তৌহিদুর রহমান বলেন, ভালো একটি অ্যাম্বুলেন্স চেয়ে তাঁরা কর্তৃপক্ষকে একাধিকবার বলেছেন। কিন্তু কোনো লাভ হয়নি।