একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল চার মাস ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি চার মাস ধরে বিকল হয়ে আছে। জামায়াত-শিবিরের ডাকা হরতালের সময় ভাঙচুর হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে মুমূর্ষু রোগী বহন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে পড়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চলতি বছরের ৫ এপ্রিল জামায়াত-শিবিরের ডাকা হরতালের দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামানকে সুন্দরগঞ্জ থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে গাইবান্ধা-সুন্দরগঞ্জ-রংপুর সড়কের পীরগাছা কমদতলা এলাকায় হরতাল-সমর্থকেরা অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে। এতে অ্যাম্বুলেন্সের চারদিকের গ্লাস, অক্সিজেন সিলিন্ডারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে অ্যাম্বুলেন্সটি চার মাস ধরে বিকল হয়ে আছে।

অ্যাম্বুলেন্সের চালক আবদুল খালেক জানান, আপাতত অ্যাম্বুলেন্সের চারদিকের গ্লাস লাগানোসহ সামান্য মেরামত করলেই চালানো সম্ভব। কিন্তু সেটিও করা হচ্ছে না।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বলেন, ‘উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের প্রায় চার লাখ মানুষের একমাত্র চিকিৎসাকেন্দ্র এ স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে বেসরকারি মালিকানাধীন কোনো অ্যাম্বুলেন্স নেই। ফলে মুমূর্ষু রোগীদের বগুড়া, রংপুরসহ বিভিন্ন হাসপাতালে নিতে হলে গাইবান্ধা ও রংপুর থেকে অ্যাম্বুলেন্স আনতে হয়।

এদিকে দুই মাস আগে অ্যাম্বুলেন্স মেরামতের জন্য স্বাস্থ্য বিভাগ ১৯ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ না করে সেই টাকা ফেরত পাঠায়। এ প্রসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী শাহিনুর রহমান বলেন, ওই পরিমাণ টাকায় মেরামত সম্ভব নয়। তাই ফেরত পাঠানো হয়েছে।