রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে এক বছর দুই মাস ধরে কক্ষবন্দী রয়েছে। এটি নষ্ট থাকায় মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিতে স্বজনেরা বিপাকে পড়ছেন। কবে নাগাদ এটি ঠিক হতে পারে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগম।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ৩১ শয্যার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ জন রোগী আন্তবিভাগে ভর্তি হন। আর বহির্বিভাগ থেকে প্রতিদিন চিকিৎসা নেন গড়ে ৩০০-৩৫০ জন রোগী। এর মধ্যে প্রতিদিন গড়ে ৮-১০ জন মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সরকারি অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকায় রোগী পরিবহনে তাঁদের স্বজনেরা বিপদে পড়ছেন।
রাধানগর ইউনিয়নের দক্ষিণ খামারপাড়া গ্রামের জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, ‘কিছু দিন আগে রাতে আমার বাবা হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু হাসপাতালে খোঁজ নিয়ে দেখি অ্যাম্বুলেন্স নষ্ট। শেষ পর্যন্ত দেড় ঘণ্টা পর একটি মাইক্রোবাস ভাড়া করে বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই।’
আমরুলবাড়ি গ্রামের মমতাজ উদ্দিন বলেন, ‘হাসপাতালের অ্যাম্বুলেন্সটি প্রায় সময় নষ্ট হয়ে পড়ে থাকে। গত বছর আমার আড়াই মাস বয়সের নাতি আরিফুল হকের নিউমোনিয়া হলে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। পরের দিন অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালের অ্যাম্বুলেন্স নষ্ট থাকায় সঠিক সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে না পারায় পথে নাতির মৃত্যু হয়।’
শাহাপুর গ্রামের রাশেদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স সচল থাকবে না, তা মেনে নেওয়া যায় না।
অ্যাম্বুলেন্সচালক রফিকুল ইসলাম বলেন, গত বছরের ৩১ মার্চ থেকে অ্যাম্বুলেন্সটির চাকা, বিয়ারিং, ফ্যানসহ অন্যান্য যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে। অ্যাম্বুলেন্সটি সচল করতে প্রায় এক লাখ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা বরাদ্দ পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বলেন, ‘সবকিছুই সরকারের ওপর নির্ভর করলে হয় না। স্থানীয় জনপ্রতিনিধিরা নাকি মানুষের সেবায় কাজ করেন। জনকল্যাণে এটি কি সচলের উদ্যোগ তাঁরা নিতে পারেন না?’
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ‘অ্যাম্বুলেন্সটি মেরামতের অর্থ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। এখনো বরাদ্দ পাইনি। বরাদ্দ কবে নাগাদ পাওয়া যাবে তা-ও বলা যাচ্ছে না।’