একমাত্র আদিবাসী প্রার্থী ববিতা মার্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর কাঁকনহাট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন রাজশাহীর একমাত্র আদিবাসী প্রার্থী ববিতা মার্ডি। তাঁর হাতে আছে নগদ দুই হাজার টাকা এবং স্বামীর রয়েছে দেড় হাজার টাকা। তাঁর হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গত সোমবার ববিতা মার্ডির নির্বাচনী এলাকায় গিয়ে প্রায় বিনা পয়সায় নির্বাচন করার এই চিত্র দেখা গেছে। তাঁর প্রতীক কাঁচি। নির্বাচনী এলাকায় তাঁর পোস্টার প্রায় নেই বললেই চলে। তিনি গণসংযোগ করে বেড়াচ্ছেন।
ববিতা মার্ডির বাড়ি কাঁকনহাট পৌর এলাকার সুরশুনিপাড়া মহল্লায়। পৌরসভার ২ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে ববিতা মার্ডি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও চারজন প্রার্থী। রাজশাহীর ১৩টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। কাঁকনহাট পৌর নির্বাচনে কাউন্সিলর পদে এবার ৪৬ জন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে ৩৬ জনই বিদ্যালয় পেরোতে পারেননি। এর মধ্যে ববিতা মার্ডি এবার বিএ পাস করেছেন। তবে ভোটের ব্যস্ততার কারণে সনদ তুলতে পারেননি বলে হলফনামায় এইচএসসি পাস উল্লেখ করেছেন। তিনি সংসার করার পাশাপাশি পড়াশোনা চালিয়েছেন। তাঁর দুই মেয়ে।
প্রথমে সুরশুনিপাড়া মহল্লায় ববিতার খোঁজে গিয়ে জানা যায়, ববিতা বাড়িতে নেই। সকালে গণসংযোগে বেরিয়ে গেছেন। তাঁর শ্বশুর সৃষ্টি টুডু এসে ফোনে যোগাযোগ করিয়ে দিলেন। কাঁকনহাট পৌর সদরেই ববিতা গণসংযোগ করছেন।
কাঁকনহাট বাসস্ট্যান্ডে গিয়ে পাওয়া গেল ববিতা মার্ডিকে। সঙ্গে তাঁর স্বামী সিলভেস্টার টুডু, ছোট মেয়ে বৈশাখী টুডু আর ননদ প্রভাতী হাসদা। এই কজন মিলেই গণসংযোগ করছেন। দুপুর গড়িয়ে গেছে। কাঁকনহাট পৌর এলাকার লাইনপাড়া দিয়ে হেঁটে যাচ্ছিলেন। চোখে চোখ পড়তেই বাড়ির ভেতর থেকে ছুটে এলেন গৃহবধূ ময়না বেগম। এসেই ববিতার হাত ধরে বললেন, খাইয়ে যান। কথার জবাব না দিয়ে ববিতা ব্যাগ থেকে লিফলেট বের করে দিলেন। পাশের বাড়ির জিয়ারত বেগম এসে বললেন, ‘কত ফোন দিছি। আর বুলছি আসছে না কেন?’
কাঁকনহাট বাজারের ভেতর থেকে এলেন ডিম দোকানি শরীফা খাতুন। রেললাইনের ওপরেই জমে উঠল ভোটের আড্ডা। ববিতা মার্ডি বললেন, ‘নিচে নেমে দাঁড়ান, দুইটা বাজতে যাচ্ছে, ট্রেন আসবে।’
বাইরের কোনো মানুষ নেই কেন—জানতে চাইলে ববিতা বলেন, সামনে বড় দিন। সবাই কাজে ব্যস্ত। তাই সকালে অন্যদের নিয়ে বের হতে পারছেন না। দুপুরের পরে সবাই তাঁর সঙ্গে আসছেন।
ববিতা বলেন, এই পৌরসভায় তাঁদের সম্প্রদায়ের কোনো প্রতিনিধি কোনো দিন নির্বাচিত হননি। তা ছাড়া পৌরসভায় একজন কর্মচারীও তাঁদের নেই। তাঁদের দাবি তোলার মতো কেউ নেই। তিনি বলেন, এই চিন্তা থেকে প্রার্থী হলেও তিনি সব মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। তিনি শুধু আদিবাসী ভোটের ভরসা করছেন না। তিনি সবার ভোট পাবেন বলে আশা করছেন।
এলাকায় ববিতা মার্ডির পোস্টার তেমন নেই কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদিবাসী পরিষদের পক্ষ থেকে আজকেই (২১ ডিসেম্বর) পোস্টার পাঠিয়েছে।
নির্বাচনী খরচের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আসলে তার কোনো খরচ হচ্ছে না। সাধারণ মানুষ তাঁর কাজ করে দিচ্ছে।
কাঁকনহাট বাজারের ডিম বিক্রেতা শরীফা বেগম বলেন, ‘আমরা এমনিতেই তাঁকে ভোট দিয়ে দিব। আমার বাড়ির আটটা ভোটই ওর কাঁচি মার্কায় মারব।’ ময়না বেগম বলেন, ‘পাস করলে আমরা ওর হাত ধরে বাড়িতে টেনে নামাতে পারব। ববিতাও গরিব, আমরাও গরিব। ববিতাই আমাদের প্রার্থী।’
ববিতা বলেন, ‘টেনে নামাতে হবে না। আমি পাস করলেই আপনাদের পাশে থাকব। ফেল করলেও থাকব।’