চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিধাত সারিমা রহমান হত্যা মামলায় একমাত্র আসামি এস এম তোহাকে (২৩) মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ। আদালত একই আদেশে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। গতকাল রোববার আসামির অনুপস্থিতিতে বিচারক এই রায় দেন।রায়ে সন্তোষ প্রকাশ করে মিধাতের বাবা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকারের কাছে আবেদন, পলাতক আসামিকে ধরে এনে রায় কার্যকর করতে হবে। আমি আমার বুকের ধন হারিয়েছি। ওকে আর ফিরে পাব না। আসামির ফাঁসি কার্যকর দেখে গেলে শান্তি পাব।’আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৫ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পেয়ে তোহা পালিয়ে যান। আদালত সূত্র জানায়, নিহত মিধাতের বাবা মিজানুর রহমান ব্যবসায়ী এবং মা শাহনাজ আহমেদ গাইনি চিকিৎসক। মিধাত চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী ছিলেন।আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২১ অক্টোবর নগরের আমিরবাগ হাউজিং সোসাইটির জনৈক সামশুল আলমের আইডিয়াল হাউসের পাঁচতলা বাসার ছাদে খুন হন মিধাত।