একমাত্র আসামির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক কিশোরীকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে লাশ ২৬ টুকরা করার মামলায় ট্রাভেল এজেন্সির মালিক সাইদুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার এই রায় দেন। মামলার একমাত্র আসামি সোনালি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক সাইদুজ্জামান পলাতক।
২০১২ সালের ১ জুন শাহবাগ থানাধীন হাতিরপুলের নাহার প্লাজায় ১৫ বছরের কিশোরী রোকসানা আকতার ওরফে রুমিকে মুঠোফোনে ডেকে নিয়ে প্রথমে ধর্ষণ করেন সাইদুজ্জামান। পরে ঘটনা ধামাচাপা দিতে ওই কিশোরীকে শ্বাসরোধ করে হত্যার পর তার দেহ ২৬ টুকরা করেন। লাশের টুকরাগুলো টয়লেটের কমোডে, পাশের গলিতে ও একটি বাসার ছাদে ফেলে দেওয়া হয়। নাহার প্লাজার ১৩ তলার একটি কক্ষে ঘটনাটি ঘটে। মুঠোফোনে দুজনের পরিচয় হয়েছিল।
রায়ে বলা হয়, আসামি সাইদুজ্জামান একজন কিশোরীর সরলতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করেন। এরপর লাশ ২৬ টুকরা করে বাথরুমের কমোডে ও জানালা দিয়ে ফেলে দেন। এ ধরনের অপরাধ কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এটি সমাজের জঘন্যতম অপরাধ। এই আসামিকে কোনো অনুকম্পা দেখানোর সুযোগ নেই। আসামির স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।
সাইদুজ্জামান গত বছরের ২৬ অক্টোবর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর থেকে পলাতক। গতকাল রায় ঘোষণার পর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এই মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহমুদা আকতারকে সহায়তা করেন বাংলাদেশ মহিলা পরিষদের আইনজীবী এস এম এ সবুর ও দীপ্তি শিকদার এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ফাহমিদা আকতার।
আইনজীবী দীপ্তি শিকদার প্রথম আলোকে বলেন, মামলায় ১৬ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে।
রোকসানাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় ২০১২ সালের ১ সেপ্টেম্বর সাইদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৩ সালের ২০ মে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। নিহত কিশোরী রোকসানা ও আসামি সাইদুজ্জামানের বাড়ি ফরিদপুরে।