নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে একই পরিবারের পাঁচজনকে হত্যা মামলার রায়ে একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতার আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালত রায়ে তাসলিমা বেগমকে (৪০) হত্যার দায়ে মাহফুজকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তাসলিমার ছেলে শান্ত (১০) ও মেয়ে সুমাইয়া (৫), ভাই মোশাররফ হোসেন (২৫) ও জা লামিয়াকে (২৫) হত্যার দায়েও আলাদাভাবে মাহফুজকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওয়াজেদ আলী। মাহফুজ মামলার বাদী নিহত তাসলিমা বেগমের স্বামী শফিকুল ইসলামের ভাগনে।
ওয়াজেদ আলী বলেন, আসামি মাহফুজের সঙ্গে তাঁর ছোট মামি লামিয়ার অনৈতিক সম্পর্ক ছিল। এ কারণে শফিকুল রাজধানীর কলাবাগান এলাকার বস্তি ছেড়ে নারায়ণগঞ্জের বাবুরাইলে চলে আসেন। মাহফুজও নারায়ণগঞ্জে চলে আসেন। ঘটনার রাতে মাহফুজ তাঁর বড় মামি তাসলিমার বাড়িতে খাটের নিচে লুকিয়ে ছিলেন। তাসলিমার ভাই মোশাররফ বিষয়টি টের পেয়ে মাহফুজকে বের করে এনে তাঁর সঙ্গে খাটে শোয়ান। মাহফুজ ঘরে থাকা শিল দিয়ে আঘাত করে এবং ওড়না ও শার্ট গলায় পেঁচিয়ে একে একে পাঁচজনকে শ্বাসরোধে হত্যা করেন।
রায় ঘোষণাকালে মাহফুজকে নির্লিপ্ত দেখা গেছে। পিপি বলেন, এই মামলায় মোট ৩০ জন সাক্ষীর মধ্যে তদন্তকারী কর্মকর্তা ও বাদীসহ ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় বাদী শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রায়ে আমরা খুশি। আমরা চাই দ্রুত যেন এই রায় কার্যকর করা হয়।’
নিহত তাসলিমা বেগমের মা মোর্শেদা বেগম বলেন, ‘আমরা চাই দ্রুত ওর (মাহফুজ) ফাঁসি হোক। আমার সব শেষ করে দিয়েছে।’
আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. সুলতানুজ্জামান বলেন, আসামিপক্ষ মনে করে, এ রায়ে তিনি অসন্তুষ্ট।
২০১৬ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাতে বাবুরাইলের একটি বাসায় একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়। বাসার দরজার তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাসলিমার স্বামী বাদী হয়ে ভাগনে মাহফুজ, ঢাকার কলাবাগানের ঋণদাতা নাজমা ও শাহজাহানকে আসামি করে নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। লাশ উদ্ধারের পরদিন গ্রেপ্তার করা হয় মাহফুজকে। ২০১৬ সালের ৬ এপ্রিল জেলা গোয়েন্দা পুলিশ মাহফুজের বিরুদ্ধে ও অন্যদের অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে।