একমাত্র আসামির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দিনের শিশু তাসিন হোসেন হত্যা মামলার রায় ঘোষণা করেছেন কুমিল্লার একটি আদালত। আদালত ওই মামলার একমাত্র আসামি মো. হোসেনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। পৃথক হত্যা মামলায় অপর এক আদালত ছয়জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ এ আর মাসউদ তাঁর আদালতে ওই রায় ঘোষণা করেন। কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. মজিবুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৩০ আগস্ট রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কইট গ্রামের মো. হোসেন ফকির দরবেশ সেজে বুড়িচং উপজেলার ভানতি গ্রামের আবদুল জব্বারের ঘরে যান। রাত নয়টায় তারাবির নামাজ শেষে হোসেন ওই ঘরের লোকদের ওষুধমিশ্রিত পানি পড়া দেন। ওই পানি খেয়ে ঘরের লোকজন অজ্ঞান হয়ে পড়ে। এরপর হোসেন ওই ঘরে থাকা স্বর্ণ, টাকা ও মুঠোফোন নিয়ে রওনা দিলে ১৩ দিনের শিশু তাসিন চিৎকার করে ওঠে। তখন তিনি নিরাপদে ঘর থেকে বের হওয়ার জন্য তাসিনকে গলা টিপে হত্যা করে ঘরের পাশের পুকুরপাড়ে রেখে যান। ভোররাতে সেহেরি খেতে উঠে তাসিনের মা নিলুফা আক্তার তাঁর ছেলে তাসিনকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করেন। পরে তাকে পুকুরপাড়ে পাওয়া যায়।এ ঘটনায় তাসিনের ফুফা লোকমান হোসেন বাদী হয়ে ১ সেপ্টেম্বর বুড়িচং থানায় হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার দুই মাস পর হোসেনকে চান্দিনার বড়কইট গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হোসেন চুরি ও হত্যার কথা স্বীকার করেন।