একমাত্র আসামির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী পুতুল বালা (১৮) হত্যা মামলার একমাত্র আসামি আমিরুল ইসলামকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
আমিরুলের বাড়ি রানীশংকৈল ভণ্ডগ্রাম মধ্যপাড়া গ্রামে। তিনি স্থানীয় একটি স্কুলে পিয়ন পদে চাকরি করতেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এন্তাজুল হক। এন্তাজুল বলেন, রানীশংকৈলের নারায়ণপুর গ্রামের গণেশ চন্দ্র বর্মণের মেয়ে পুতুল ২০০৬ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ওই বছর পরীক্ষা দিতে পারেননি। ওই সময় স্কুলের পিয়ন আমিরুল তাঁকে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে পুতুল অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি আমিরুলকে বিয়ের জন্য চাপ দেন। আমিরুল রাজি না হয়ে উল্টো তাঁকে হত্যার পরিকল্পনা করেন। ২০০৬ সালের ৬ মে রাতে পুতুলকে আমিরুল বাড়ির পাশের একটি ধানখেতে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। ৭ মে সকালে স্থানীয় লোকজন ধানখেতে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরদিন ৮ মে গণেশ বর্মণ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশের তদন্তে বেরিয়ে আসে আমিরুলই পুতুলকে হত্যা করেছেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ২০০৯ সালের ৩০ জুন তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলাটি ঠাকুরগাঁওয়ের জেলা জজ আদালতে থাকায় বিচারকাজ শেষ হচ্ছিল না। গত বছরের ডিসেম্বরে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলায় মোট ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় আমিরুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। ওই টাকা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আমিরুল আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে কারাগারে পাঠানো হয়।
আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক বলেছেন, ‘আমার মক্কেল ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’