‘পার্লামেন্ট ওয়াচ’ নিয়ে টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ
একমাত্র উদ্দেশ্য সংসদের কার্যকারিতা বাড়ানো
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বোর্ড অব ট্রাস্টিজ বলেছে, ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক গবেষণার একমাত্র উদ্দেশ্য জাতীয় সংসদের কার্যকারিতা বাড়াতে গঠনমূলক অবদানের মাধ্যমে সংসদের সম্মান ও মর্যাদা উন্নত করায় অনুঘটকের ভূমিকা পালন করা।
গতকাল বুধবার টিআইবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন সুলতানা কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে গত ২৫ অক্টোবর ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশের পর সংসদে ৯ নভেম্বরের আলোচনা ও বিভিন্ন প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ তাদের অবস্থান তুলে ধরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বরাবরের মতো এবারের ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক প্রতিবেদন সম্পূর্ণ বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও গবেষণাপ্রসূত, যা জাতীয় সংসদ সচিবালয়, সংসদে প্রত্যক্ষ পর্যবেক্ষণ ও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত সরাসরি সম্প্রচার থেকে পাওয়া। এ গবেষণা প্রতিবেদনে বাস্তব অবস্থার প্রতিফলন ঘটেছে। তবে প্রতিবেদনের কোনো অংশ বা নির্বাহী পরিচালকের কোনো বক্তব্যে যদি কোনো সম্মানিত সংসদ সদস্য আহত হয়ে থাকেন, তাহলে তা কেবলই ভুল-বোঝাবুঝির কারণে হয়েছে।
বিজ্ঞপ্তিতে টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ আরও বলেছে, জাতীয় সংসদের প্রাতিষ্ঠানিক মর্যাদা বিন্দুমাত্র ক্ষুণ্নœকরা টিআইবির উদ্দেশ্য নয়। বরং সংসদের প্রতি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণের প্রত্যাশা পূরণ, আস্থা ও সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে—এই উদ্দেশ্যেই ওই গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালিত হয়।