একমাত্র এক্স-রে মেশিন ১৪ বছর ধরে বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি ১৪ বছর ধরে বিকল। এ কারণে সরকারি খরচে এক্স-রে করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এক্স-রে মেশিনটি ২০০৩ সালে নষ্ট হয়। এরপর আর মেরামত করা হয়নি। আড়াই বছর আগে মেশিনটির টেকনিশিয়ানকে প্রেষণে গাজীপুরে পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মহাপরিচালকের কার্যালয় ও উপজেলা সমন্বয় সভায় বিষয়টি বারবার জানানো ও আলোচনা করা হয়। কিন্তু এত দিনেও বিষয়টির কোনো সুরাহা হয়নি।

উপজেলার বর্তমান জনসংখ্যা ৭৭ হাজার ৩৯০ জন। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৭০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসে। এর মধ্যে কয়েকজনের এক্স-রে করার প্রয়োজন হয়। বাইরের বিভিন্ন ক্লিনিক থেকে বেশি টাকা খরচ করে তাদের এক্স-রে করতে হয়, যা নদীবেষ্টিত ও নদী ভাঙনকবলিত এ অঞ্চলের বাসিন্দাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা শেফালি বেগম আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। টাকার অভাবে প্রাইভেট ক্লিনিকে যেতে পারি না। এই হাসপাতালের এক্স-রে মেশিনটি চালু থাকলে আমরা কম খরচে এক্স-রে করাতে পারতাম।’

আবদুল জলিল নামের এক ব্যক্তি বলেন, ‘এক্স-রে মেশিনটি চালু থাকলে আমরা ৪০-৫০ টাকা খরচ করেই এক্স-রে করার
সুযোগ পেতাম। এখন বাইরের ক্লিনিকে ২৫০-৩০০ টাকা গুনতে হচ্ছে।’

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, এক্স-রে মেশিনটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েকবার লিখিত আবেদন করা হয়েছে। প্রতি দেড় মাস পর পর এক্স-রে মেশিনের কথা বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো ১৪ বছরেও মেশিনটি সচল করা সম্ভব হয়নি। উপজেলার হতদরিদ্র রোগীদের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে এক্স-রে মেশিনটি শিগগির মেরামত করা প্রয়োজন।

সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস বলেন, ‘বিষয়টি আমার নলেজে আছে। গত সপ্তাহে ডিজি অফিসের একটি পর্যবেক্ষক দল ওই এক্স-রে মেশিনটি সার্ভে করে জানিয়েছে, মেশিনটি সারালে তেমন সুফল পাওয়া যাবে না। এ জন্য আমরা নতুন একটি মেশিন দেওয়ার প্রস্তাব দিয়েছি। আশা করি আগামী ছয় মাসের মধ্যে নতুন একটি এক্স-রে মেশিন চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া সম্ভব হবে।’