লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটি নয় বছর ধরে বিকল রয়েছে। ফলে স্থানীয় লোকজনকে জেলা শহর বা রংপুরে গিয়ে কাজ সারতে হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০০০ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় এক্স-রে যন্ত্রটি বরাদ্দ দেয়। একই বছরের আগস্ট মাসে সেটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। কিন্তু স্থাপন করা হয় ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে। এর কয়েক দিন পরই যন্ত্রটি বিকল হয়ে পড়ে। আজ পর্যন্ত সেটি ঠিক করা হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রোববার চিকিৎসা নিতে এসেছিলেন বুকে আঘাত পাওয়া আবদুল গফুর মিয়া (৫৩)। তিনি উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ি গ্রামের এক দিনমজুর। তিনি বলেন, ‘ডাক্তার কইছে বুকের পরীক্ষা (এক্স-রে) করিবার নাগিবে।...এলা রংপুর বা লালমনিরহাটোত যেয়া পরীক্ষা করিবার নাগিবে। হামা গরিব মানষি। কেমন করি যাবার টাকা কোঠে পাইমো।’
একই গ্রামের আরেক রোগী আবদুল কুদ্দুছ বলেন, ‘চিকিৎসা নিবার আসিলেই খালি কয় মেশিনটা নষ্ট। কয় বছর থাকিবে এই মেশিনটা নষ্ট? হামার গরিবের জন্য এটা কি ঠিক করা যায় না?’
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক্স-রে যন্ত্রটি বিকল থাকায় রোগীদের লালমনিরহাট সদর হাসপাতাল বা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। দুটি স্থানের দূরত্ব যথাক্রমে ৯০ ও ১৩৬ কিলোমিটার। সেখানে গিয়ে বাড়তি খরচ করে এক্স-রে করানোর সাধ্য প্রত্যন্ত এ উপজেলার অনেকেরই নেই।
পৌরসভার ঝাকুয়াঠারি গ্রামে ইদু মিয়া বলেন, তাঁর ছেলে খেলতে গিয়ে বুক ও পায়ে আঘাত পায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বলে দেন, এক্স-রে করাতে হবে। কিন্তু যন্ত্রটি নষ্ট। পরে তিনি লালমনিরহাটে গিয়ে এক্স-রে করিয়েছেন। এতে খরচ হয়েছে ৬০০ টাকা। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০-১০০ টাকার মধ্যেই তা হয়ে যেত।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর এক্স-রে যন্ত্রটি মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা ২০১৪ সালের ডিসেম্বর মাসে এসেছিলেন। কিন্তু চেষ্টা করেও তাঁরা সেটি মেরামত করতে পারেননি। পরে নতুন এক্স-রে যন্ত্র বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে।