কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটি এক বছরেরও বেশি সময় ধরে নষ্ট। এতে রোগীরা স্বল্পমূল্যে এ সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটি গত বছরের জুন মাসে নষ্ট হয়। বিষয়টি ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়। কিন্তু সেখান থেকে যন্ত্রটি মেরামতের কার্যকর কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। সূত্র জানায়, প্রতিদিন কমপ্লেক্সের বহির্বিভাগে ৩০০ থেকে ৪০০ জন রোগী আসেন। তাঁদের মধ্যে ১৫ থেকে ২০ জনের এক্স-রে করার প্রয়োজন হয়। কমপ্লেক্সে একবার এক্স-রে করতে খরচ হয় ৫৫ থেকে ৭০ টাকা। আর বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রগুলোতে (ডায়াগনস্টিক সেন্টার) খরচ হয় ২৫০ থেকে ৩০০ টাকা। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা উপজেলার চরপাকুন্দিয়া গ্রামের দুলাল মিয়া বলেন, তাঁর মেয়ের হাত মচকে গেলে চিকিৎসক এক্স-রে করাতে বলেন। অনেক টাকা খরচ করে তিনি হাসপাতালের বাইরে থেকে এক্স-রে করে এনেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম শহীদ উল্লাহ বলেন, ‘একাধিকবার বিষয়টি লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারে জানানো হয়েছে।’ কবে নাগাদ এটি ঠিক হতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি কবে ঠিক হবে তা বলা মুশকিল।’