
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াটি এখন শুধুই স্মৃতি। একমাত্র এই ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে। আর এতে বেশি সমস্যায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীরা।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয়। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্লাস সূচিতে দুপুরে একঘণ্টার বিরতি। অনাবাসিক শিক্ষার্থীরা সকালের নাশতা ও দুপুরের খাবারের জন্য নির্ভর করতেন বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়াটির ওপরই। এটি বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের এখন ভিড় জমাতে হচ্ছে হলের ক্যানটিন ও বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বাজারের খোলা খাবারের দোকানগুলোতে। বাজারের খাবারের দামও তুলনামূলক বেশি।
কৃষি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী সুরাইয়া তাহমিদার বাসা রাজধানীর ইন্দিরা রোড এলাকায়। প্রায়ই সকাল আটটার ক্লাস করার জন্য বাসা থেকে নাশতা না করেই ক্যাম্পাসে চলে আসেন। তিনি বলেন, ‘ক্যাফেটেরিয়াটি চালু থাকার সময় আমাদের মতো অনাবাসিক শিক্ষার্থীদের খাবার নিয়ে ভাবতে হতো না। ক্লাসের ফাঁকে নাশতা করে যেতাম। এটি বন্ধ থাকায় বাইরের খোলা দোকান থেকেই খাবার কিনতে হয়।’
ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় আবাসিক শিক্ষার্থীদেরও অসুবিধা হচ্ছে। কৃষি বিবিএ অনুষদের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘আমাদের কোনো অতিথি এলে আগে ক্যাফেটেরিয়া নিয়ে যেতাম। এখন সে উপায় নেই।’
শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিতর্ক ক্লাব, কিষান থিয়েটার, সাংবাদিক সমিতি, সাহিত্য সংসদের কার্যক্রম পরিচালিত হয় ক্যাফেটেরিয়া ভবনের দ্বিতীয় তলা থেকে। সাহিত্য সংসদের সমন্বয়ক মাহমুদুল হাসান বলেন, ‘ক্যাফেটেরিয়াটি যখন চালু ছিল খাবারে মান ছিল নিম্নমানের। এরপরও বিভিন্ন অনুষ্ঠানের জন্য নাশতার প্রয়োজন হলে ক্যাফেটেরিয়া থেকে আনা যেত। এখন সে উপায়ও নেই।’
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াটির দেখভালের দায়িত্ব ছাত্র পরামর্শক ও উপদেষ্টা বিভাগের। ছাত্র পরামর্শক ও উপদেষ্টা সেকেন্দার আলী প্রথম আলোকে বলেন, ‘ক্যাফেটেরিয়াটি শিগগির চালু হওয়ার সম্ভাবনা আছে। আমরা এটি চালু করার জন্য চেষ্টা করছি।’