একমাত্র গণশৌচাগার দুই বছর ধরে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরের বাজারে একটিই গণশৌচাগার আছে। তাও দুই বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বাজারের কয়েক হাজার ব্যবসায়ী।

পৌরসভা কার্যালয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, পৌর সদর আড়াইহাজার বাজারের প্রায় তিন হাজার ব্যবসায়ী রয়েছেন। তাঁদের জন্য মাছ বাজার এলাকায় ২০১৪ সালে পৌর কর্তৃপক্ষ ওই গণশৌচাগার নির্মাণ করে। একই বছরের ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শৌচাগারটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. নজরুল ইসলাম। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই এর ট্যাংকি ভরে যায়। এরপর গণশৌচাগারটি তালাবদ্ধ করে রাখা হয়েছে।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বাজারের প্রায় কেন্দ্রে মাছপট্টির উত্তর দিকে খোলা জায়গায় গণশৌচাগারটি রয়েছে। কিন্তু এর মূল ফটকে তালা ঝুলছে। এর পাশেই আরেকটি পরিত্যক্ত শৌচাগার রয়েছে। শৌচাগারের সামনে খালি জায়গায় ময়লার স্তূপ, মলমূত্র রয়েছে। সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো বাজারে।

বাজারের ব্যবসায়ী মো. ইছহাক মিয়া প্রথম আলোকে বলেন, ‘বাথরুমটি (গণশৌচাগার) চালু করার এক মাস পরেই ট্যাংকি ভইরা যায়। আর এক রাতে কে যেন তালা মাইরা দেয়। সেই তালা আর খোলে নাই কেউ। বাথরুম বন্ধ থাকায় বাজারের ব্যবসায়ীরা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছে। দুর্গন্ধে বাজারে টিকা দায়। দম বন্ধ অইয়া যায়।’

আরেক ব্যবসায়ী মো. আমান উল্লাহ বলেন, ‘আমরা মেয়র মহোদয়ের কাছে আট-দশবার গেছি। বলেছি, শৌচাগারটি তাড়াতাড়ি চালু করেন। আর যে ময়লা আছে তা সরানোর ব্যবস্থা করেন। এ সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’

পৌর মেয়র হাবিবুর রহমানের বক্তব্য জানতে গতকাল বুধবার রাতে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার রিং করলেও তিনি ধরেননি। পরে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।