চিকিত্সকের ১১টি পদের জায়গায় আছেন মাত্র একজন। তিনি একাধারে স্বাস্থ্য প্রশাসক, আবাসিক চিকিত্সা কর্মকর্তা ও চিকিত্সা কর্মকর্তা। ছুটি কিংবা প্রশিক্ষণে এলাকার বাইরে গেলে হাসপাতাল হয়ে পড়ে চিকিত্সকশূন্য। এর সঙ্গে রয়েছে পানি, বিদ্যুত্ ও অ্যাম্বুলেন্স বিকল থাকার মতো অসংখ্য সমস্যা। স্বাস্থ্যসেবার নামে এরকম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চলছে খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একমাত্র চিকিত্সক মো. নুরুল আলম জানান, প্রতিদিনের কাজের চাপে তাঁকে হিমশিম খেতে হয়। অনেক সময় ছুটি কিংবা প্রশিক্ষণের কারণে যেতে হয় বাইরে। তখন রোগীদের ভোগান্তির শেষ থাকে না। ১১ জন চিকিত্সক থাকার কথা থাকলেও দীর্ঘ দিন ধরে আবাসিক চিকিত্সা কর্মকর্তা, চিকিত্সা কর্মকর্তা, মেডিসিন বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন, চক্ষুরোগ বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, এনেসথেসিয়া বিশেষজ্ঞ ও গাইনি বিশেষজ্ঞের পদশূন্য। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ না থাকায় ডেন্টাল সহকারীকে কাটাতে হচ্ছে অলস সময়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বত্য এলাকায় যান চলাচল সীমিত হওয়ায় মুর্মূষু রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা-নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স অত্যাবশ্যক হলেও এখনকার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে বেশির ভাগ সময় বিকল থাকে। রয়েছে জ্বালানি সমস্যা। জ্বালানি সরবরাহের ডিলার নিয়োগ দেওয়া হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি পাঁচ বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে ব্যবহার অনুপযোগী একটি স্যাঁতসেঁতে রুমে। প্রধান করণিক মোহাম্মদ উল্ল্যাহ জানান, উপযুক্ত কক্ষ ও বিদ্যুত্ সরবরাহ পর্যাপ্ত না থাকায় এক্স-রে যন্ত্র সচল করা যাচ্ছে না। বিদ্যুত্ বিভাগের আবাসিক প্রকৌশলীকে বিদ্যুত্ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। এ প্রসঙ্গে বিদ্যুত্ বিভাগের স্থানীয় আবাসিক প্রকৌশলী মো. মোস্তফা কামাল বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার না বসানোয় এই সমস্যার সমাধান করা যাচ্ছে না। সম্প্রতি জগন্নাথ পাড়া গ্রামের রুবেল দে প্রচণ্ড জ্বর নিয়ে ভর্তি হন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু যথাযথ চিকিত্সা না পেয়ে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়তে হয়। তিনি বলেন, বিদ্যুত্ চলে গেলে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে ভুতুড়ে অবস্থা বিরাজ করে। মোমবাতির আলোতে স্যালাইন দেওয়া হয়। এখানে রোগীরা যে কতটা অসহায় তা না দেখলে কারও বিশ্বাস হবে না। খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্য প্রশাসক মো. নুরুল আলম অনুপস্থিত থাকলে কর্মচারীরা আসেন ইচ্ছেমতো, যানও ইচ্ছেমতো। এ ছাড়া রয়েছে জনবল সংকট। অফিস সহকারীর দুটি পদই শূন্য। নেই ফার্মাসিস্ট। নার্সিং সুপারভাইজার, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশ প্রহরীর পদও শূন্য।খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ কে এম আশ্রাফ আলী বলেন, চিকিত্সকের অভাবে এখানকার রোগীরা কষ্টে আছেন। প্রয়োজনীয়সংখ্যক চিকিত্সক চেয়ে মন্ত্রণালয়ে বহুবার চিঠি দিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। রামগড় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. মোজাম্মেল হোসেন চৌধুরী বলেন, প্রতিদিন অসংখ্য রোগী চিকিত্সা না পেয়ে এখান থেকে ফিরে যায়। এভাবে চলতে পারে না। সমস্যা সমাধানে তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।